করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়, কোর্টকে মোদি সরকার

আপডেট : ২০ জুন ২০২১, ০২:৪৩ পিএম

করোনাভাইরাসে (কভিডে-১৯) মৃতদের পরিবারপ্রতি ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয় বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

নরেন্দ্র মোদি সরকারের বক্তব্য, প্রত্যেক পরিবারকে সাহায্য করার সামর্থ্য সরকারের নেই।

করোনায় মৃতদের পরিবারপ্রতি ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলায় দায়ের করা হয়।

বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এমআর শাহের বেঞ্চে হওয়া শুনানিতে কেন্দ্রের বক্তব্য জানানোর জন্য সময় চেয়ে নেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

শনিবার কেন্দ্রীয় সরকার ১৮৩ পাতার হলফনামায় জানিয়েছে, দেশে কভিডে আক্রান্ত হয়ে ৩ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। কেন্দ্রীয় সরকার যে মারাত্মক আর্থিক চাপের মধ্যে রয়েছে, তাতে সবাইকে আর্থিক সাহায্য দেওয়া সম্ভব নয়।

বিপর্যয় মোকাবিলা আইনে উল্লেখ রয়েছে, ক্ষতিপূরণ কেবল ভূমিকম্প বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে প্রযোজ্য। মহামারীর ব্যাপক আকারের কারণে এই আইন কভিডের ক্ষেত্রে প্রয়োগ করা ঠিক হবে না বলেও দাবি করেছে মোদি সরকার।

হলফনামায় কেন্দ্রীয় সরকার আরও বলেছে, স্বাস্থ্য খাতে ব্যয় বৃদ্ধি এবং রাজস্ব কম আদায়ের কারণে লাখ লাখ ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সরকারের বাজেটের বাইরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত