সম্মেলন না হলে নেতাদের মূল্যায়ন হয় না : হানিফ

আপডেট : ২০ জুন ২০২১, ১০:৩৯ পিএম

সম্মেলন না হলে যোগ্য নেতাদের মূল্যায়ন হয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, চট্টগ্রামে বহু নেতা কেন্দ্রীয় নেতৃত্ব দেওয়ার মতো আছেন। কিন্তু আপনাদের সাংগঠনিক দুর্বলতা বা নিষ্ক্রিয়তার কারণে মূল্যায়ন হচ্ছে না। প্রতি তিন বছর পর পর সম্মেলন হলে গড়ে উঠবে যোগ্য নেতৃত্ব।

গতবাল রবিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মাহবুবুল আলম হানিফ আরও বলেন, সারা দেশে আওয়ামী লীগের কিছুটা হলেও সাংগঠনিক দুর্বলতা চোখে পড়েছে। তবে জননেত্রী শেখ হাসিনা যতদিন আছেন, ততদিন ক্ষমতায় আছি। ক্ষমতায় থেকে সংগঠন দুর্বল বা সবল বুঝা যাচ্ছে না। যার কারণে সংগঠনের দিকে সবার নজর একটু কম। যার ফলে অনেক জেলায় দেখেছি ১৫ ও ২০ বছর হয়ে গেছে, কমিটির কোনো পরিবর্তন নেই। সংগঠনের যে কার্যপদ্ধতি সেটাও কোনো রকমে চলছে। আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে দলকে আরও সুসংগঠিত করি।

মাহবুব উল আলম হানিফ বলেন, তিন বছর পর পর সম্মেলন করার মূল লক্ষ্য সংগঠনকে শক্তিশালী করা। যারা কর্মঠ ও যোগ্য তাদের নেতৃত্বে নিয়ে আসা। আর যারা দুর্বল বা কাজ করতে যাদের আগ্রহ নেই, তাদের ধীরে ধীরে পেছনের কাতারে নিয়ে যাওয়া। চট্টগ্রামে রাজনীতির একটি ইতিহাস আছে। চট্টগ্রাম থেকে প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী দেখিয়েছিলেন আন্দোলন কীভাবে করতে হয় ও ন্যায্য দাবি কীভাবে আদায় করতে হয়। চট্টগ্রাম বন্দরে আন্দোলন করে মহিউদ্দিন চৌধুরী সারা দেশ অচল করে দিয়েছিলেন। চট্টগ্রামের এই আন্দোলন সারা দেশের আওয়ামী লীগ নেতাদের অনুপ্রেরণা জুগিয়েছে। যার কারণে চট্টগ্রামে সাংগঠনিক দুর্বলতা আসাটা দুঃখজনক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত