রুবেলের ব্যাটে মোহামেডানকে হারাল প্রাইম ব্যাংক

আপডেট : ২২ জুন ২০২১, ১২:০৫ এএম

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে জয়ে ফিরল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ‍সুপার লিগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠল দলটি।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রুবেল মিয়ার দারুণ এক ফিফটিতে ৫ উইকেটে জয় পায় প্রাইম ব্যাংক। আগের দিন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে হেরে শুরু হয়েছিল তাদের ‍সুপার লিগ পর্ব।

১৫৫ রানের লক্ষ্য এদিন ৫ বল বাকি থাকতে ছুঁয়েছে প্রাইম ব্যাংক। খুব সহজে যে জয় এসেছে তা নয়। ডানহাতি ওপেনার রুবেল ৪০ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬৫ রানের ইনিংসে দলকে ভালো ভিত গড়ে দেন। তবে মাঝে দ্রুত উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল দলটি।

অভিজ্ঞ রকিবুল হাসানের ব্যাটে সেই চাপ কাটিয়ে জয়ের আনন্দে ভেসেছে প্রাইম ব্যাংক। ঘরোয়া ক্রিকেটের অন্যতম পারফরমার রকিবুল ২৫ বলে ৩ রানে অপরাজিত ৩১ রান করেন। এ ছাড়া নাঈম হাসান অপরাজিত ছিলেন ৬ বলে ১১ রানে।

এর আগে রাতের ম্যাচটিতে টস জিতে ব্যাটিং বেছে নেয় মোহামেডান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৪ রান করে শুভাগত হোমের নেতৃত্বাধীন দল। সর্বোচ্চ ৪৫ রান করেন যুব বিশ্বকাপজয়ী তারকা পারভেজ হোসেন ইমন। তার ২০ বলের ইনিংসে ছিল ২টি চার ও ৫ ছক্কা।

এ ছাড়া মাহমুদুল হাসান অপরাজিত ৩২, শুভাগত হোম ২৫, ইরফান শুক্কুর ২৪ রান করেন।

ভালো শুরুর পরও মোহামেডানের ছন্দপতন হয় মোস্তাফিজুর রহমানের বোলিংয়ে। ৪ ওভার বল করে ২২ রান খরচায় ২ উইকেট নেন তিনি। ফেরান পারভেজ ইমন ও শুভাগত হোমকে। আরেক পেসার শরিফুল নিয়েছেন ২ উইকেট।

সাকিব আল হাসান, তাসকিন আহমেদকে ছাড়াই সুপার লিগ খেলতে হচ্ছে মোহামেডানকে। আগের দিন আবাহনী লিমিটেডের বিপক্ষেও হেরেছিল দলটি। অর্থাৎ সুপার লিগে টানা দুই হার তাদের।

১৩ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে সুপার লিগের ৬ দলের মধ্যে সবার নিচে মোহামেডান। অন্যদিকে সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে প্রাইম ব্যাংক। সমান পয়েন্ট নিয়েও রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত