ব্যাংক সিএসআরের অর্ধেক যাবে খুলনা ও রাজশাহীতে

আপডেট : ২২ জুন ২০২১, ০১:৪০ এএম

ব্যাংকের বিশেষ সিএসআর (করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি) তহবিলের ৫০ শতাংশ অর্থ খুলনা ও রাজশাহী বিভাগের আওতাধীন জেলাগুলোতে ব্যয়ের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সিএসআরের বাকি অর্ধেক তহবিল অন্যান্য জেলায় বিতরণ করা যাবে।

গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীকে পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়, সম্প্রতি করোনাভাইরাসের দ্রুত সংক্রমণশীল ভারতীয় ধরন দেশের সীমান্তবর্তী জেলা বিশেষত খুলনা ও রাজশাহী বিভাগের আওতাধীন জেলাগুলোতে ছড়িয়ে পড়ছে। ওই অঞ্চলের গরিব মানুষের মধ্যে কভিড-১৯-এর সংক্রমণ বাড়ছে।

এই প্রেক্ষাপটে বিশেষ সিএসআর খাতের বরাদ্দের ৫০ শতাংশ খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে ব্যয় করার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। তবে ইতিমধ্যে যেসব ব্যাংক সিএসআর খাতে বরাদ্দের ৫০ শতাংশের বেশি অর্থ খুলনা ও রাজশাহী অঞ্চলের বাইরে ব্যয় করেছে সেসব ব্যাংককে বরাদ্দের অবশিষ্ট অর্থ এ দুই বিভাগে ব্যয় করতে হবে।

করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ থেকে দরিদ্র জনগোষ্ঠীকে রক্ষা করতে ব্যাংকগুলোকে বিশেষ সিএসআর কার্যক্রম হাতে নিতে গত ২৬ এপ্রিল নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত