মানবপাচারের মামলায় অমির ৯ সহযোগী গ্রেপ্তার

আপডেট : ২২ জুন ২০২১, ০৩:৩৮ পিএম

চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণচেষ্টা মামলার আসামি তুহিন সিদ্দিকী অমির নয় সহযোগীকে মানবপাচারের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি’র দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- অমির ঘনিষ্ঠ জসিম উদ্দিন (৩৬), অমির গাড়িচালক সালাউদ্দিন (৩৫), অমির শ্যালক রাকিবুল ইসলাম রানা (৩৪), মো. মুসা (২৬), গোলাপ হোসেন বুলবুল (৩৪), জাকির হোসেন (৩৪), মো. নাজমুল (২৫), মো. আলম (৩৫) ও শাহজাহান সরকার (৪৩)।

বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গত ১৭ জুন দক্ষিণখান থানায় শাহীন আলম নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় অমির ওই সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে।

তাদের কাছ থেকে ৩৯৫টি পাসপোর্ট, ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক, সম্পত্তির দলিল, ক্রেডিট কার্ড, অলিখিত স্টাম্প, বিভিন্ন ব্যাংকের চেক বই, ভিসা কার্ড, পেনড্রাইভ, মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

তুহিন সিদ্দীক অমি আশকোনার আয়াত আরাফাত ট্রাভেল ট্যুর সার্ভিসের কর্ণধার। তিনি ‘সিঙ্গাপুর ট্রেইনিং সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠানও পরিচালনা করতেন।

সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক বলেন, ‘গ্রেপ্তারকৃতরা শাহীন আলমসহ শত শত লোকজনকে ভালো বেতনে বিদেশে ভালো চাকরির লোভ দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করেন।’

গত ১৪ জুন ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে সাভার থানায় মামলা করেন পরীমণি। সেদিনই উত্তরার একটি বাসা থেকে উত্তরা বোট ক্লাবের বহিষ্কৃত সদস্য নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে গ্রেপ্তার করা হয়।

ওই বাসা থেকে মদ ও ইয়াবা উদ্ধারের ঘটনায় পরে তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকের মামলা করা হয়। তারা দুজনেই এই মামলায় রিমান্ডে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত