চাঁদপুরে এবার আল আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংকে চুরি

আপডেট : ২২ জুন ২০২১, ১১:৩৬ পিএম

চাঁদপুরে আবারও এজেন্ট ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে। এবার হাজীগঞ্জ উপজেলায় আল আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংকিং শাখায় চুরি করেছে চোরচক্র।

সোমবার মধ্যরাতে হাজীগঞ্জ উপজেলার বেলঁচো বাজারে এজেন্ট ব্যাংকে এই ঘটনা ঘটে। চোর চক্র জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ভল্ট ভেঙে নগদ ৫ লাখ ২৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

এর আগে কচুয়া উপজেলায় ইসলামী ব্যাংক ও ফরিদগঞ্জ উপজেলায় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখায় চুরির ঘটনা ঘটে।

আল আরাফাহ ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ব্র্যাঞ্চ ম্যানেজার মিজানুর রহমান বলেন, সোমবার দিবাগত মধ্যরাতে চুরির ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনাটি জানার সাথে সাথে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি।

বেলঁচো আল আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংকিং শাখার এজেন্ট আফজাল হোসেন বলেন, চুরির ঘটনার খবর পেয়ে পুলিশকে জানাই। পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছেন।

তিনি বলেন, এই শাখাটি নতুন করা হয়েছে। গত ২ মাস পূর্বে এর কার্যক্রম শুরু হয়। তবে ব্যাংকে কোন সিসি ক্যামেরা লাগানো ছিল না।

পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, চুরির ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করি অতি দ্রুত সময়ের মধ্যে চোরচক্রকে ধরে আইনের আওতায় নিয়ে আসা যাবে। ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে জড়িতদের আরও বেশি সতর্ক হওয়ারও পরামর্শ দেন তিনি।

এ ব্যাপারে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, আমরা চুরির অভিযোগের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোরচক্রকে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় ব্যাংকের এজেন্ট আফজাল হোসেন বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এর আগে গত ৭ জুন মধ্যরাতে কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় চুরি হয়। এ সময় ভল্ট ভেঙে নগদ ৮ লাখ ১৬ হাজার ৪২২ টাকা চুরি করা হয়। পরে বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে সাত লাখ টাকাসহ ব্যাংকের ম্যানেজার মামুন খান, ক্যাশিয়ার মাহাবুব আলম ও মামুনের বোন সুলতানা রাজিয়াকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এই ঘটনার দুই দিন পরে ৯ জুন ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে ফকিরের বাজারে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের পাশে অবস্থিত ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখায় ৬ লাখ টাকা চুরি হয়। পরে ১১ জুন ব্যাংকের পাশে ঝোপের ভেতর গর্ত থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় পুরো টাকাই উদ্ধার করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত