ভারতে ৯১ দিন পর প্রথম দৈনিক ৫০ হাজারের নিচে করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৬৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছে ১ হাজার ১৬৭ জন।
এনডিটিভি বলছে, নতুন শনাক্ত নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৮৬১। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৩০২। ভারতে টানা ১৫ দিন ধরে ৫ শতাংশের নিচে রোগী শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার কমে ২ দশমিক ৫৬ শতাংশ হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনো দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি না, তা বোঝার একটি নির্দেশক হলো রোগী শনাক্তের হার। কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়।
ভারতে গত ২৪ ঘণ্টায় ৮৬ লাখের বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। সরকারের নতুন টিকাদান নীতি চালুর প্রথম দিনই এতসংখ্যক মানুষকে টিকা দেওয়া হলো।
ভারতে সংক্রমণ নিম্নমুখী থাকলেও আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে বলে সতর্ক করেছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (এইমস) প্রধান চিকিৎসক রণদীপ গুলেরিয়া। ভারতে করোনার নতুন ধরন ডেলটা প্লাসের কারণে এ আশঙ্কার কথা প্রকাশ করেছেন তিনি।
গত মার্চের মাঝামাঝিতে ভারতে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। এরপর দেশটিতে সংক্রমণ লাফিয়ে বাড়ে। গত ৭ মে ভারতে এক দিনে সর্বোচ্চ ৪ লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্ত হয়। আর ৯ জুন দেশটিতে রেকর্ড ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের পর ভারত। এরপর ব্রাজিল। আর মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে ভারতের অবস্থান।
