ঢাকা থেকে বগুড়াগামী চলন্ত ট্রাকে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা-পুলিশ সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকা থেকে অভিযুক্ত ট্রাক চালক সোহেল রানাকে (৩০) আটক করেছে।
তিনি বগুড়া সদর থানার আসকোনা গ্রামের মুনসুর আলীর ছেলে। ঘটনার সঙ্গে জড়িত চালকের সহকারী পালিয়ে গেছে। তার নামপরিচয় জানা যায়নি।
পুলিশ ওই ট্রাকটি আটক করেছে ও নারীকে উদ্ধার করেছে।
এ বিষয়ে বঙ্গবন্ধু পশ্চিম থানার কড্ডা এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আমির হোসেন জানান, বগুড়াগামী একটি ট্রাক চন্দ্রা এলাকা থেকে দুই যুবককে ওঠানোর পরে একজন ব্যক্তি ওই মেয়েকে ট্রাকটিতে উঠিয়ে দিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা নামিয়ে দিতে বলেন। পাশাপাশি মেয়েটির একটু মানসিক সমস্যা আছে বলেও চালক ও সহকারীকে জানান।
এ সময় ট্রাকের স্টাফরা মেয়েটিকে ট্রাকের সামনের আসনেই বসতে দেন। টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় এসে ট্রাকটি বিরতি দেয়। এ সময় ট্রাকের উপরে থাকা ওই দুই যাত্রীকে কোনো কাজ থাকলে সেরে নিতে বলেন চালক।
এ সময় একজন ট্রাকটির লুকিং গ্লাসে খেয়াল করে দেখেন ট্রাকের চালক ও হেলপার মেয়েটির সঙ্গে খারাপ আচরণ করার চেষ্টা করছেন। এ সময় যুবক ঘটনাটি ভিডিও করার চেষ্টা করলে চালক তা দেখে ফেললে ওই দুই যুবকের ব্যাগসহ তাদের ওখানে ফেলে রেখেই ট্রাকটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ সময় যুবক ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি জানান। এরপর ৯৯৯ থেকে সিরাজগঞ্জ পুলিশসহ ট্রাফিক ও হাইওয়ে পুলিশকে ট্রাকের নম্বর দিয়ে আটকের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে এ দিন সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় এলাকা থেকে ট্রাকটি আটক করা হয় ও প্রতিবন্ধী ওই নারীকে উদ্ধার করা হয়।
এ সময় পুলিশ চালকে আটক করতে পারলেও কৌশলে তার সহকারী পালিয়ে যায়। মেয়েটি ও চালক বঙ্গবন্ধু পশ্চিম থানা হেফাজতে হয়েছে।
এ বিষয়ে বঙ্গবন্ধু পশ্চিম থানার ওসি মো. মোসাদ্দেক হোসেন বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। তবে মেয়েটি মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ায় সে নিজে স্পষ্টভাবে কিছু বলতে পারছে না। নিশ্চিত হওয়ার জন্য মেয়েটির মেডিকেল পরীক্ষার জন্য বুধবার সকালে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান ওসি।
