রাজধানীর বনানীতে অবস্থিত করাইল বস্তিতে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ভ্রাম্যমাণ চিকিৎসা সহায়তা প্রদান করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।
রিকশা ও ভ্যান চালক, ফেরিওয়ালা, ফুটপাতের ছোট দোকানদারের জন্য বিশেষ গণ স্বাস্থ্যবিমা ও খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এ সহায়তা প্রদান করা হয়।
বুধবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
কলেজছাত্রদের সামাজিক সংগঠন ‘খুশির ঠিকানা’ (আমাদের খুশি তোমাদের মাঝে) সংগঠনের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, খুশির ঠিকানা সংগঠনের নাইম আহসান, সহন, নাইম তালুকদার, শাহজালাল সিয়াম, জোনায়েদ হোসেন ফারহান, জারিফ আজাদ নাফি, জিয়াদ রহমান সদস্যবৃন্দ।
চিকিৎসা সেবা দেন গণস্বাস্থ্যের ভ্রাম্যমাণ চিকিৎসা সেবার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. শওকত আরমান, মেডিসিন বিভাগের ডা. নুসরাত রিমা, শিশু ও প্রসূতি বিভাগে ডা. কামাল আহমেদ, স্বাস্থ্যকর্মী আঁখি, কেয়া, মৌসুমী, স্বর্ণালি, লিজা প্রমুখ।
এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, “যে সকল স্বল্প আয়ের মানুষ পরিবার নিয়ে কষ্টে জীবনযাপন করছেন, সে সব পরিবার মাসে মাত্র ২০০ টাকা চাঁদার মাধ্যমে গণস্বাস্থ্য কর্তৃক সম্পূর্ণ স্বাস্থ্যসেবা পাবেন। তাদের জন্য সাপ্তাহিক সহনীয় স্বল্প টাকার কিস্তিতে সোলার বিদ্যুতায়িত রিকশা ও ভ্যান গাড়ি বিতরণ করা হবে।”
এর আগে ২৫ মে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এই কর্মসূচি উদ্বোধনকালে গণস্বাস্থ্যের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, “রিকশা, ভ্যান চালক, ফিরিওয়ালা ও ফুটপাতের দোকানদারদের ছেলেমেয়েদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ব্যবস্থা করবো।”
বিষয়টি উল্লেখ করে গণস্বাস্থ্য ঢাকা কেন্দ্রে ২০ হাজার স্বল্প আয়ের মানুষের মাঝে বিশেষ গণ স্বাস্থ্যবিমা ও খাদ্য সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করবে বলেও জানান জাহাঙ্গীর আলম মিন্টু।
