ইরানি এবং ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ৩৬টি সংবাদ ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, সাইটগুলো ভুল তথ্য ছড়াচ্ছিল।
মঙ্গলবার দেখা যায় এসব ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে। তার জায়গায় দেখা যাচ্ছে একটি নোটিশ যাতে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এগুলো ‘বাজেয়াপ্ত’ করেছে। এতে এফবিআই এবং মার্কিন বাণিজ্য দপ্তরের সিলও দেখা যাচ্ছে।
এতে রয়েছে ইরান সরকার নিয়ন্ত্রিত প্রেস টিভি এবং ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের পরিচালিত আল-মাসিরা টিভি।
এমন এক সময় এ ঘটনা ঘটল, যখন ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার লক্ষ্যে করা একটি চুক্তি পুনরায় কার্যকর করাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে।
মার্কিন বিচার বিভাগ বলছে, ইরানের ইসলামিক রেডিও ও টেলিভিশন ইউনিয়ন (আইআরটিভিইউ) পরিচালিত ৩৩টি ওয়েবসাইট এবং ইরাকের ইরান-সমর্থিত কাতাইব হেজবোল্লাহ পরিচালিত ৩টি ওয়েবসাইট বাজেয়াপ্ত করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন বিচার বিভাগ আরো বলেছে, আইআরটিভিইউ যে ডোমেইন ব্যবহার করতো তার মালিক ছিল একটি আমেরিকান কোম্পানি, এবং এ ডোমেইন ব্যবহার করার জন্য যুক্তরাষ্ট্র অর্থ দপ্তরের ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোলের’ যে লাইসেন্স নিতে হয় - তা তারা নেয়নি।
অন্যদিকে কাতাইব হেজবোল্লাহকে যুক্তরাষ্ট্র একটি সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করেছে, এবং তারাও পূর্বোক্ত লাইসেন্সটি নেয়নি।
মঙ্গলবার বিকেলে ওই ওয়েবসাইটগুলোতে ঢোকা যাচ্ছিল না।
আল-আলম ওয়েবসাইটে একটি বার্তা দেখা যাচ্ছিল যাতে বলা হয়-‘আলআলমটিভি ডট নেট ডোমেইনটি যুক্তরাষ্ট্রের সরকার কর্তৃক বাজেয়াপ্ত করা হয়েছে। … ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি, অফিস অব এক্সপোর্ট এনফোর্সমেন্ট এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি আইন প্রয়োগ কার্যক্রমের অংশ হিসেবে এটি করা হয়েছে।’
ইরানের প্রেস টিভি এবং আল-আলমের কিছু ওয়েবসাইটেও এ রকম নোটিশ দেখা গেছে।
