নারায়ণগঞ্জের রূপগঞ্জে টাকার বিনিময়ে মাদকসহ রফিকুল ইসলাম ও শাহজাহান নামে দুই মাদক কারবারিকে ছেড়ে দিয়েছে পুলিশের এক এএসআই। অভিযোগ রয়েছে, রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহরাব হোসেন ৪৫ হাজার টাকা নিয়ে মাদক কারবারিদের ছেড়ে দেন। গত মঙ্গলবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা অভিযোগ করে জানান, রফিকুল ইসলাম ও শাহজাহান কায়েতপাড়া ইউনিয়নের উত্তরপাড়া, তালাশকুট, খামারপাড়া, কামশাইর, চাঁনখালী, ছুটেরটেকসহ আশপাশের এলাকাগুলোতে গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে। এলাকাবাসী তাদের জন্য অতিষ্ঠ হয়ে পড়েছে বলেও অভিযোগ করে।
জানা যায়, রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহরাব হোসেনের নেতৃত্বে ৪-৫ পুলিশ সদস্য গত মঙ্গলবার রাত ৮টার দিকে উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এক কেজি গাঁজাসহ রফিকুল ইসলাম ও শাহজাহানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর এলাকাবাসী পুলিশ প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেন। কিন্তু রাত ১২টার দিকে মাদক কারবারিদের ৪৫ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়। এলাকাবাসীর অভিযোগ, এলাকাবাসীর সামনেই এক কেজি গাঁজা জব্দসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে এএসআই সোহরাব হোসেন।
তবে রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহরাব হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্যে করতে রাজি হননি।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।
