নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গারো সম্প্রদায়ের দুদিনব্যাপী ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব শুরু হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভার্চুয়াল পদ্ধতিতে উপজেলার বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে এ উৎসবের আয়োজন করা হয়। একাডেমির নৃত্য প্রশিক্ষক মালা মার্থা আরেংয়ের সঞ্চালনায় জেলা প্রশাসক কাজী মো. আবদুল রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালেদ।
এ সময় তিনি বলেন, ওয়ানগালা গারো সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও কৃষি উৎসব। এটি মূলত দেবদেবীদের উদ্দেশে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের উৎসব। প্রতিমন্ত্রী গারো সম্প্রদায়কে ওয়ানগালার শুভেচ্ছা জানান ও তাদের ভবিষ্যৎ জীবনের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-১ আসনের সাংসদ জুয়েল আরেং, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন ও নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী।
