ঢাকা থেকে বগুড়াগামী একটি চলন্ত ট্রাকে এক মানসিক প্রতিবন্ধী তরুণী (২৫) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় গত মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকা থেকে ট্রাকচালক সোহেল রানাকে (৩০) আটক করেছে পুলিশ। তার বাড়ি বগুড়া সদর থানার আসকোনা গ্রামে। এ ঘটনায় জড়িত ট্রাকের হেলপার পালিয়ে গেছে।
বঙ্গবন্ধু পশ্চিম থানার কড্ডা এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আমির হোসেন জানান, বগুড়াগামী একটি ট্রাক চন্দ্রা এলাকা থেকে দুই যুবককে ওঠানোর পর একজন ব্যক্তি ২৫ বছরের ওই তরুণীকে ট্রাকটিতে উঠিয়ে দিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা নামিয়ে দিতে বলেন। পাশাপাশি তরুণীর একটু মানসিক সমস্যা আছে বলেও চালক ও হেলপারকে জানান। এ সময় ট্রাকের স্টাফরা মেয়েটিকে ট্রাকের সামনের আসনেই বসতে দেয়। টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় এসে ট্রাকটি বিরতি দেয়। ট্রাকের ওপরে থাকা ওই দুই যাত্রীকে কোনো কাজ থাকলে সেরে নিতে বলে চালক। এ সময় একজন ট্রাকটির লুকিং গ্লাসে দেখেন ট্রাকের চালক ও হেলপার তরুণীর সঙ্গে খারাপ আচরণ করার চেষ্টা করছে। ঘটনাটি ভিডিও করার চেষ্টা করলে ট্রাকের চালক তা দেখে ফেলে ওই দুই যুবকের ব্যাগসহ তাদের ওখানে ফেলে রেখেই ট্রাকটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ওই যুবক ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি জানান। এরপর ৯৯৯ থেকে সিরাজগঞ্জ পুলিশসহ ট্রাফিক ও হাইওয়ে পুলিশকে ট্রাকের নম্বর দিয়ে আটকের নির্দেশ দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে ওইদিন সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় এলাকা থেকে ট্রাকটি আটক ও প্রতিবন্ধী ওই তরুণীকে উদ্ধার করা হয়।
বঙ্গবন্ধু পশ্চিম থানার ওসি মো. মোসাদ্দেক হোসেন ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে তরুণীটি ধর্ষণের শিকার হয়েছে। তবে মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ায় সে নিজে স্পষ্টভাবে কিছু বলতে পারছে না। স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল বুধবার সকালে তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলার প্রস্তুতি নিচ্ছেন।
