কৃষ্ণসাগরে ক্রিমিয়া উপদ্বীপের কাছে ব্রিটিশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে গুলি ছুড়ে হুঁশিয়ার এবং যাত্রাপথে বোমা ছুড়ে সেটিকে তাড়া করার কথা জানিয়েছে রাশিয়া। খবর রয়টার্সের।
গত বুধবার মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ব্রিটিশ রয়্যাল নেভির ‘এইচএমএস ডিফেন্ডার’ জাহাজ ক্রিমিয়ার কাছাকাছি রুশ জলসীমায় ঢুকে পড়েছিল। তখনই একটি টহল জাহাজ থেকে সেটির যাত্রাপথে বোমা ছোড়া হয় এবং গুলি ছুড়ে হুঁশিয়ার করা হয়।
তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার এমন দাবি অস্বীকার করেছে। গুলি-বোমা ছোড়ার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তারা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের এক মুখপাত্র বলেন, ‘যুদ্ধজাহাজটি রাশিয়ার জলসীমায় ছিল কিংবা সেটিকে হুঁশিয়ার করতে গুলি ছোড়া হয়েছে এমন কথা বলাটা ঠিক নয়।’
তবে রাশিয়া বলছে, ক্রিমিয়ার দক্ষিণে কেপ ফায়োলেন্টের কাছে ঘটনাটি ঘটেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করা হয়েছে, সতর্কতামূলক গুলির পরই এইচএমএস ডিফেন্ডার তার গতিপথ পরিবর্তন করে। এ ঘটনার পর রাশিয়ায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে। এরপর থেকেই এ উপদ্বীপের উপকূলের চারপাশের জলসীমাকে দেশটি তাদের আওতাধীন দাবি করে আসছে।
