কারাগারে ম্যাকাফি অ্যান্টিভাইরাস নির্মাতার আত্মহত্যা

আপডেট : ২৫ জুন ২০২১, ০২:২৫ এএম

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ও ম্যাকাফি অ্যান্টিভাইরাসের নির্মাতা জন ম্যাকাফি (৭৫) কারাগারে আত্মহত্যা করেছেন। গত বুধবার স্পেনের একটি কারাগারে তিনি আত্মহত্যা করেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কর ফাঁকির মামলায় স্পেনের আদালত বুধবারই ম্যাকাফিকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার কথা জানায়। এ ঘটনায় তিনি আত্মহত্যা করেছেন কিনা বা কী কারণে আত্মহত্যা করেছেন তা তদন্ত করছে স্পেনের সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ।

মৃত্যুর পর ম্যাকাফির আইনজীবী জাভিয়ার ভিল্লালবা বলেন, ‘ম্যাকাফিকে কারাগারে আটকে রাখার কোনো কারণ ছিল না। স্পেনের নিষ্ঠুর ব্যবস্থার শিকার হয়েছেন তিনি।’

গত বছরের অক্টোবরে স্পেনের বার্সেলোনা বিমানবন্দর থেকে ম্যাকাফিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। স্পেনের আদালতেই তার বিচার চলছিল।

ম্যাকাফি ১৯৮০-এর দশকে নিজ নামে ‘ম্যাকাফি’ প্রতিষ্ঠা করেন। ২০১১ সালে আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেলের কাছে ম্যাকাফি বিক্রি করেন তিনি। এরপর থেকে আর কোনো ব্যবসায় জড়াননি তিনি।

ব্যবসায়ী ম্যাকাফি যুক্তরাষ্ট্রে খামখেয়ালি আচরণের জন্য পরিচিত। দেশটির বাণিজ্য নিষেধাজ্ঞা এড়াতে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে কিউবাকে সাহায্য করতে চেয়েছিলেন তিনি। এ ছাড়া যুক্তরাষ্ট্রে কর ফাঁকি দেওয়ার কথা নিজেই স্বীকার করেছিলেন তিনি। ২০১৯ সালে তিনি বলেছিলেন, আদর্শিক কারণে আট বছর ধরে যুক্তরাষ্ট্রে কর দেন না তিনি। এরপর বিচার থেকে বাঁচতে যুক্তরাষ্ট্র ছাড়েন তিনি।

এরপর থেকে ম্যাকাফি একটি বিলাসবহুল তরীতে জীবনযাপন করছিলেন। তার সঙ্গে স্ত্রী জেনিস ম্যাকাফি, দুজন নিরাপত্তা প্রহরী, সাতজন কর্মী ও তার চারটি কুকুর থাকত।

গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যে ম্যাকাফির বিরুদ্ধে কর ফাঁকির মামলা হয়। এ ছাড়া নিউ ইয়র্কে তার বিরুদ্ধে আনা হয় ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত প্রতারণার একটি অভিযোগ।

গত মাসে স্পেনের আদালতে শুনানিতে অংশ নিয়ে ম্যাকাফি বলেন, তিনি যদি যুক্তরাষ্ট্রের আদালতে দোষী প্রমাণিত হন। তবে বাকি জীবন তাকে কারাগারেই থাকতে হবে। তিনি বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রে অবিচার হচ্ছে। আমি আশা করছি, স্পেনের আদালত এটা দেখবে। যুক্তরাষ্ট্র আমাকে ব্যবহার করে একটি উদাহরণ তৈরি করতে চায়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত