কোপা আমেরিকার এ গ্রুপ থেকে চার কোয়ার্টার ফাইনালিস্ট চূড়ান্ত হয়েছে। শুক্রবার বলিভিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে উরুগুয়ে। গ্রুপের অপর ম্যাচে একই ব্যবধানে চিলিকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্যারাগুয়ে। তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে সবার আগে এ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। সমান ম্যাচে এখন প্যারাগুয়ের সংগ্রহ ৬। চার ম্যাচ খেলা চিলি ৫ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। আর কালকের জয়ে উরুগুয়ের তিন ম্যাচ থেকে সংগ্রহ দাঁড়িয়েছে ৪। তিন ম্যাচ থেকে পয়েন্ট না পাওয়ায় বিদায় নিশ্চিত হয়েছে বলিভিয়ার। মঙ্গলবার গ্রুপ রানার্সআপ হওয়ার লক্ষ্যে প্যারাগুয়ের বিপক্ষে নামবে উরুগুয়ে। আর শীর্ষস্থান ধরে রাখতে আর্জেন্টিনা খেলবে বলিভিয়ার বিপক্ষে।
উরুগুয়ে-বলিভিয়া ম্যাচে আসলে হয়েছে উরুগুয়ের শক্তিশালী আক্রমণভাগ বনাম বলিভিয়ার রক্ষণে লড়াই। আরও পরিষ্কার করে বললে সুয়ারেজ-কাভানিনির্ভর উরুগুয়ের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দিয়েছেন বলিভিয়ার কিপার কার্লোস লাম্পে। কিন্তু লাম্পে বুক চিতিয়ে খেললে কী হবে? তার সতীর্থ জাইরো কুইনতেরস আত্মঘাতী গোল করে ঠিকই উরুগুয়েকে ৪০ মিনিটে লিড এনে দেন। ডি অ্যারাসকায়েতার ডান দিক থেকে গোলমুখে ফেলা লো-ক্রস কুইনতেরস তালগোল পাকিয়ে নিজেদের জালে পাঠান। লাম্পে অবশ্য চেষ্টা করেও পারেননি সেটা ঠেকাতে। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে বারবার আক্রমণ করে গেছে উরুগুয়ে। কিন্তু ফরোয়ার্ডদের হাস্যকর সব মিস এবং লাম্পের অবিশ্বস্য সব সেভে মনে হচ্ছিল এক গোলেই সন্তুষ্ট থাকতে হবে অস্কার তাবারেজের দলকে। কিন্তু ৭৯ মিনিটে বদলি উইঙ্গার ফাকুন্দো তোরেসের স্কয়ার পাসে উরুগুয়ের জয় নিশ্চিত করেন এডিনসন কাভানি। ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা উরুগুয়ের জার্সিতে কাল পেয়েছেন ৫২তম গোলের দেখা।
অপর ম্যাচে প্লে-মেকার মিগুয়েল আলমিরনের ম্যাজিকে চিলিকে সহজেই হারিয়েছে প্যারাগুয়ে। ম্যাচের ৩৩ মিনিটে নিউক্যাসেল ইউনাইটেডের তরুণ এই ফরোয়ার্ডের মাপা কর্নারে নিখুঁত হেডে প্যারাগুয়েকে এগিয়ে নেন ব্রায়ার্ন সামুদিও। আর ৫৮ মিনিটে সতীর্থ কার্লোস গঞ্জালেসের আদায় করা পেনাল্টি থেকে গোল করে সহজ জয় নিশ্চিত করেন আলমিরন।
