পরিচালনায় শ্রীজাত, ছবির নাম ‘মানবজমিন’

আপডেট : ২৬ জুন ২০২১, ০৯:২৯ এএম

পশ্চিমবঙ্গের বিখ্যাত কবি শ্রীজাত খুব শিগগিরই চলচ্চিত্র পরিচালনায় পা রাখছেন। ‘মানবজমিন’ নামের ছবিটির প্রযোজক রানা সরকার।

স্থানীয় সংবাদমাধ্যমকে শ্রীজাত জানান, নামে মিললেও শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাসের সঙ্গে কোনো মিল নেই গল্পের। গান লিখছেন শ্রীজাত, সুর করবেন জয় সরকার।

কোন ভাবনা থেকে ক্যামেরায় চোখ রাখতে চলেছেন? শ্রীজাত জানান, অনেক দিন ধরেই ইচ্ছে ছিল ছবি বানানোর। কারণ তার চোখে কবিতা ও ছবির মধ্যে কোথাও যেন অলিখিত বন্ধুত্ব আছে।

কবি বলেন, ‘‘ছবি দেখা, ছবির জন্য গান বা গল্প লেখা আর ছবি বানানো তো এক নয়। ফলে কথা হলেও ভরসা করতে পারেননি অনেক প্রযোজক। রানাকে ধন্যবাদ। তিনি আমাকে সেই সুযোগ করে দিচ্ছেন।’’

নব্য পরিচালকের বক্তব্য, তার কিছু বলার আছে। যা কবিতা বা সাহিত্য নয়, ছবি বেশি ভালো বলতে পারবে। তাই তিনি পরিচালনায় আসছেন।

প্রথম ছবি কোন ধরনের গল্প নিয়ে বানাবেন? শ্রীজাতর দাবি, রোমান্স আর রসিকতা বাংলা ছবির অমূল্য সম্পদ। একটা সময় এই নিয়ে বহু ছবি হয়েছে। তার অনুকরণে হিন্দিতেও ছবি বানানো হয়েছে। বাঙালি অনেক দিন ধরেই যেন সেই স্বাদ থেকে দূরে। প্রথম ছবিতে তিনি ভালোবাসাকে সাক্ষী রেখে মানুষের গল্প বলবেন। যদিও অভিনেতা-অভিনেত্রীর নাম এখনো চূড়ান্ত হয়নি।

পুরোনো বাংলা ছবির আমেজ ফিরিয়ে আনতে তপন সিনহার ঘরানাকেই আপন করতে চান শ্রীজাত। তার মতে, ‘‘বাংলায় আমার পছন্দের পরিচালক তিনিই। যদিও আমি কোনো দিক থেকেই তপন বাবুর সমতুল্য নই। তবু চেষ্টা তো করে দেখতেই পারি। সেই জায়গা থেকেই আমার ইচ্ছে, ছবিতে যেন সবাই তপন সিংহের ‘গন্ধ’ পান।’’

প্রচারের আলো মাখবেন না বলেই বরাবর পেছনের সারিতে থেকেছেন তিনি। সেই কবি আজ সামলাবেন, নির্দেশ দেবেন তারকাদের! পারবেন? শ্রীজাতর স্বীকারোক্তি, দীর্ঘ দিন ইন্ডাস্ট্রিতে থাকার সুবাদে সবাই তার খুব ভালো বন্ধু। সেই বন্ধুত্বকে আঁকড়ে কাজ করবেন সবাই মিলে। তা হলেই আর কাউকে নির্দেশ দিতে হবে না তাকে।

আরও জানান, ছবি বানিয়ে পুরস্কার পাওয়া বা প্রতিযোগিতায় নাম লেখানোর ইচ্ছা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত