রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ মৃত্যু

আপডেট : ২৬ জুন ২০২১, ০৯:৪৭ এএম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৭ জনের মৃত হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে  তাদের মৃত্যু হয়। 

এর আগের দিন ২৪ ঘণ্টায় এখানে মৃত্যু হয় ১৪ জনের।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত ১৭ জনের মধ্যে ৮ জনের করোনা পজিটিভ ছিল। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়। মৃতদের মধ্যে ৯ জন নারী এবং ৮ জন পুরুষ। 

এ নিয়ে চলতি মাসের ২৬ দিনে (১ জুন থেকে ২৬ জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ২৯৪ জন। এর মধ্যে শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১৪৬ জন। বাকিরা মারা যান উপসর্গ নিয়ে।

রামেক হাসপাতাল পরিচালক জানান, মৃতদের মধ্যে ৯ জনের বাড়ি রাজশাহীতে, ২ জনের নওগাঁ, ৪ জনের চাঁপাইনবাবগঞ্জ, ২ জনের বাড়ি নাটোরে।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃত ১৭ জনের মধ্যে ৫ জনের বয়স ষাটোর্ধ্ব। পঞ্চাশোর্ধ রয়েছেন ৩ জন। চল্লিশোর্ধ্ব ৬ জন, ত্রিশোর্ধ্ব ২ জন এবং ত্রিশোর্ধ্ব রয়েছেন একজন।

হাসপাতালের প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় এখানে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ জন। আজ করোনায় ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ৪৩১ জন। গতকাল এ সংখ্যা ছিল ৪২৩ জন।  

এদিকে শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ ও রামেক হাসপাতাল ল্যাবে ৫০১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ১৬২ জনের।  

রাজশাহীর ৪২৯ নমুনা পরীক্ষা করে ১৪৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

চাঁপাইনবাবগঞ্জের ৭২ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ এসেছে ১৪ জনের। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত