বগুড়ায় ১৭ টন সার কালোবাজারে বিক্রিকালে পাঁচজন গ্রেপ্তার

আপডেট : ২৬ জুন ২০২১, ০৩:২৫ পিএম

বগুড়ায় কৃষকের জন্য বরাদ্দকৃত ভর্তুকির ১৭ মেট্রিক টন (৩৫০ বস্তা) সার কালোবাজারে বিক্রির সময় ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- সারের ডিলার ও কালোবাজারির মূল হোতা বগুড়া নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম এলাকার আয়েত আলীর ছেলে রুহুল আমিন (৩৫) এবং আদমদীঘি উপজেলার সারের ডিলার সুদিন গ্রামের মৃত শওকত আলীর ছেলে নওশাদ আলী (৪৬), আদমদীঘি বাজার এলাকার মৃত ফজলুল হকের ছেলে এমদাদুল হক (৪৩), শালগ্রাম এলাকার খোরশেদ আলীর ছেলে ফজলুল হক (৫৫) ও আদমদীঘি বাজার এলাকার মৃত নাসিউল হকের ছেলে এহসানুল করীম (৪৭)। এ সময় সার বহন করা একটি ট্রাক (বগুড়া-ট-১১-০৯২৩) জব্দ করে র‍্যাব। 

বগুড়া র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার (লে. কমান্ডার) আব্দুল্লাহ আল মামুন জানান, বগুড়ায় সারের চাহিদা বেশি থাকায় এক শ্রেণির অসাধু ডিলার বেশি মুনাফার লোভে সরকারের ভর্তুকি দেওয়া সার উত্তোলনের পর কালোবাজারে বিক্রয় করছে।

শুক্রবার রাতে আদমদীঘি থেকে নন্দীগ্রাম অভিমুখে ট্রাকবোঝাই কালোবাজারির ৩৫০ বস্তা সার পাচারের খবরে কাহালুতে চেকপোস্ট বসানো হয়।

দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ৩৫০ বস্তা সারসহ একটি ট্রাক জব্দ এবং ৫জনকে গ্রেপ্তার করা হয়। ট্রাকটিতে টিএসপি ও এমওপির ৩৫০ বস্তা সার ছিল। 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে- উদ্ধারকৃত ১৭ টন সার আদমদীঘি উপজেলার বিভিন্ন ডিলারের নামে বরাদ্দ হয়েছিল। বরাদ্দকৃত সারগুলো নন্দীগ্রামের ডিলারের কাছে সান্তাহার বিএডিসি গোডাউন থেকে উত্তোলন করে বিক্রি করে দেয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার কাহালু থানায় সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত