দেশের শীর্ষ ওলামায়ে কেরামসহ গ্রেপ্তারকৃত হেফাজতের সকল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি চেয়েছেন জুনায়েদ বাবুনগরী।
রবিবার রাত নয়টায় সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী তাদের মুক্তি চান।
বিবৃতিতে তিনি বলেন, বিনা দোষে আজ দেশের শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরাম জেলখানায় মানবেতর জীবনযাপন করছেন। গ্রেপ্তারকৃত ওলামায়ে কেরামের মধ্যে অনেকেই বয়োবৃদ্ধ ও শারীরিকভাবে অসুস্থ। জেলখানার কষ্ট সহ্য করতে না পেরে মাওলানা জুনায়েদ আল-হাবীবসহ অনেক ওলামায়ে কেরাম অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পেয়েছি। মানবিক বিবেচনায় গ্রেপ্তারকৃত সকল নেতা-কর্মীদের আশু নিঃশর্ত মুক্তি দিয়ে কওমী মাদ্রাসা খুলে দিন।
বাবুনগরী বলেন, আমি নিজেও অসুস্থ। হেফাজতের ২০১৩ সালের ‘নাস্তিক মুরতাদ বিরোধী’ আন্দোলনে গ্রেপ্তার হয়ে রিমান্ডের পর থেকেই আমি অসুস্থ। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগসহ উচ্চতর ডায়াবেটিস, প্রেশার ইত্যাদি রোগে ভুগছি। তিনবেলায় দৈনিক আমার অর্ধশত ট্যাবলেট খেতে হয় এবং ইনসুলিন নিতে হয়। খাদেমদের সহযোগিতা ছাড়া একা চলাফেরা করতে পারি না। আমার ব্যক্তিগত খাদেম (সেবক) মাওলানা এনামুল হাসান ফারুকীকেও সম্পূর্ণ বিনা দোষে গ্রেপ্তার করা হয়েছে। সে জেলে আটক থাকায় ওষুধ সেবনসহ নানা কাজে আমি যারপরনাই কষ্ট পাচ্ছি। শীর্ষ ওলামায়ে কেরামের সাথে আমার সেবক এনামুল হাসানেরও মুক্তি চাচ্ছি।
