পাবনায় চরমপন্থি নেতাকে কুপিয়ে-গুলি করে হত্যা

আপডেট : ২৮ জুন ২০২১, ১২:৫৩ পিএম

পাবনায় বিল্লাল হোসেন (৩৮) নামে এক চরমপন্থি দলের আঞ্চলিক নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

রবিবার রাতে সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাজারসংলগ্ন জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বিল্লাল সাদুল্লাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত মো. আব্দুল করিমের ছেলে।

তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দল সর্বহারা পার্টির স্থানীয় নেতা ছিলেন বলে জানা গেছে।

আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, রবিবার রাত দশটার দিকে বিল্লাল পাবনা শহর থেকে গ্রামের বাড়িতে মোটরসাইকেলযোগে ফিরছিলেন। পথে বাজার মসজিদের সামনে কয়েকজন সন্ত্রাসী ৩-৪টি গুলি করে ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরে পাশের একটি পাটক্ষেতে মরদেহ ফেলে পালিয়ে যান তারা।

স্থানীয়রা আরও জানায়, এক সময় আতাইকুলা থানা এলাকায় চরমপন্থিদের ঘাঁটি থাকলেও আইনশৃংখলা বাহিনীর তৎপরতায় কয়েক বছর ধরে নিষ্ক্রিয় তারা।

সম্প্রতি এই দলের সঙ্গে এলাকার উঠতি বয়সী কিছু যুবক জড়িয়ে পড়ছে। এলাকায় গরু চুরি, মাদক, জুয়াসহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে এই চক্রটি। তাদের অভ্যন্তরীণ কোন্দলে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানান এলাকাবাসী।

এদিকে ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি মো. জালাল উদ্দিন বলেন, রাতে মরদেহ উদ্ধার করে থানায় আনার পর সকালে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, নিহত ব্যক্তি চরমপন্থি দলের স্থানীয় নেতা ছিলেন। অভ্যন্তরীণ বিরোধে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। হত্যাকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত