ঠাকুরগাঁওয়ে করোনায় একদিনের রেকর্ড ৮ মৃত্যু

আপডেট : ২৯ জুন ২০২১, ০৪:১৭ পিএম

ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে একদিনে ৮ জনের মৃত্যু হয়েছে। এটিই জেলার একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

এর আগে গত ২৬ জুন একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ১৮৩টি নমুনা পরীক্ষা করে ১০৩ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩১৮৭ জন, আক্রান্তদের মধে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৭৯৫ জন আর এ পর্যন্ত মৃত্যুবরণ করল ৮১ জন।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত চব্বিশ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৮ জন। এদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন একজন, বালিয়াডাঙ্গীতে ২ জন, পীরগঞ্জে একজন, রাণীশংকৈলে ৩ জন ও হরিপুরে একজন।

নতুন শনাক্ত ১০৩ জনের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ৫৭ জন, বালিয়াডাঙ্গীতে ৯ জন, পীরগঞ্জে ১৪ জন, রাণীশংকৈলে ১৯ জন ও হরিপুরে ৪ জন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ও বাসায় থেকে যারা চিকিৎসা নিচ্ছিলেন তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৭ জন।

এছাড়া করোনার বিস্তার রোধে জেলাবাসীকে সরকারি নির্দেশনা পালনসহ সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত