লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফে'র গুলিতে রিফাত হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জগতবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শমসেরনগর কানিরবাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত রিফাত হোসেন উপজেলার জগতবেড় ইউনিয়নের মুন্সিরহাট নাজিরগোমানী এলাকার ইসলাম হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শমসেরনগর কানিরবাড়ী সীমান্তের ৮৬২ নম্বর মেইন পিলারে সীমান্তরেখা এলাকায় ৭-৮ জন গরু চোরাকারবারি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
এ সময় বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে রিফাত হোসেন নিহত হন।
পরে সেখানে তার মরদেহটি পড়ে যায় সংলী নদীর লাভলুর ব্রিজের কাছে। রিফাতের লাশ উদ্ধার করে ভারতীয় বিএসএফ ও মাথাভাঙা থানা পুলিশ নিয়ে যায়।
জগতবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শাহ আলম রিফাত হোসেনের পরিচয় নিশ্চিত করে বলেন, নিহত রিফাতের গলায় ও মাথার পেছনে গুলির চিহ্ন রয়েছে।
রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকেল ৫টার দিকে লাশ ফেরত নিয়ে আসার জন্য কোচবিহার ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডারের সঙ্গে পতাকা বৈঠক করা হবে। সেখানে প্রতিবাদ জানানো হবে।
