নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে বুধবার রাতে জেসমিন আক্তার (২৩) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে নিহতের স্বামী নূর ইসলামকে আটক করেছে পুলিশ।
নিহত জেসমিন আক্তার শুল্লকিয়া গ্রামের মনোহর আলীর মেয়ে। আটক নূর ইসলাম কাজী চর গ্রামের চৌধুরী মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত ২৩ জুন বুধবার পারিবারিকভাবে জেসমিনকে বিয়ে করেন নূর ইসলাম। এটা নূর ইসলামের দ্বিতীয় বিয়ে ছিল। বিয়ের পরদিন থেকে বিভিন্ন অজুহাতে জেসমিনকে মারধর করতেন তিনি। বুধবার রাত ২টার দিকে তাদের ঘর থেকে জেসমিনের চিৎকার শুনতে পেয়ে বাড়ির লোকজন এগিয়ে যায়।
এ সময় তারা দেখতে পান নূর ইসলাম কোদাল দিয়ে জেসমিনের মাথায় আঘাত করেন। এতে মাথায় গভীর ক্ষত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যান জেসমিন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
