নারী ইউপি সদস্যের টেন্ডার ছিনতাইয়ের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

আপডেট : ৩০ জুন ২০২১, ০৭:৩৮ পিএম

টাঙ্গাইলে নারী ইউপি সদস্যের হাত থেকে টেন্ডার ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা আর তার ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে ঘটনাটি ঘটেছে সখীপুরে।

নারী ইউপি সদস্যের অভিযোগ, দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগের ওই নেতা ও তার ছেলে আমার হাত থেকে খেয়াঘাটের ইজারার শিডিউল জোরপূর্বক ছিনিয়ে নিয়েছেন।

এ ব্যাপারে ওই নারী ইউপি সদস্য বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে আসামি করে সখীপুর থানায় মামলা করেছেন। এ ঘটনায় খেয়াঘাট ইজারার টেন্ডার স্থগিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারি।

মামলার বাদী ইউপি সদস্য রেনু আক্তার উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত (৭, ৮, ৯) ওয়ার্ডের নির্বাচিত সদস্য। মামলার আসামিরা হলেন, সখীপুর উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম নবু (৫০) তার ছেলে লিঙ্কন আহম্মেদ (২৫)।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার বহেড়াতৈল বাজার খেয়াঘাটের এক বছরের জন্য ইজারা দেওয়ার লক্ষ্যে ২১ জুন দরপত্র আহ্বান করা হয়। শিডিউল কেনার সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয় ২৮ জুন। ৫০০ টাকা করে জমা দিয়ে ১০ জনে ওই শিডিউল কেনেন। মঙ্গলবার বেলা ১টা পর্যন্ত টেন্ডার জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়। সকাল ১১টায় প্রথম উপজেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম নবুর ছেলে ইউনিয়ন ছাত্রলীগ নেতা লিঙ্কন আহম্মেদ শিডিউল জমা দেন।

ইউপি সদস্য রেনু আক্তার বলেন, বেলা সাড়ে ১২টার দিকে আমি টেন্ডার জমা দেওয়ার জন্য ইউএনও কার্যালয়ের সামনে এলে আসামিরা আমার হাতে থাকা দরপত্র ছিনিয়ে নেন। এ সময় আমি কান্নাকাটি করে ইউএনওকে বিষয়টি ফোনে জানাই। এরপরও ওই নেতা ও তার ছেলে আমার হাত থেকে টেন্ডার ও সংশ্লিষ্ট কাগজপত্র ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ কারণে আমি ওই দুজনকে আসামি করে থানায় মামলা করেছি।

সখীপুর উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম নবু বলেন, ইতিপূর্বে কোনো টেন্ডার ছাড়াই এই খেয়াঘাটটি পরিচালনা করতেন ইউপি চেয়ারম্যানসহ তার লোকজন। এ বছরই প্রথম এই খেয়াঘাটটির অস্থায়ী ভিত্তিতে ও মাত্র তিন মাসের জন্য টেন্ডার প্রক্রিয়ায় আনা হয়। তবে টেন্ডার ছিনিয়ে নেয়ার বিষয়ে কী ঘটেছে সেটি আমার জানা নেই।

এ নিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এমনটাই দাবি করেছেন তিনি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূইয়া বলেন, আওয়ামী লীগ নেতা ও তার ছেলের বিরুদ্ধে খেয়াঘাট টেন্ডারের শিডিউল ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা করেছেন রেনু আক্তার নামের এক ইউপি সদস্য। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী বলেন, এ বিষয়ে ওই নারী বাদী হয়ে সখীপুর থানায় অভিযোগ করেছেন। এ ছাড়া ওই খেয়াঘাটের ইজারা আপাতত স্থগিত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত