জিম্বাবুয়ে সিরিজে বেশ চ্যালেঞ্জ দেখছেন রাজ্জাক

আপডেট : ০১ জুলাই ২০২১, ১১:৫০ পিএম

সাম্প্রতিক অতিতে জিম্বাবুয়ের বিপক্ষে আধিপত্য বাংলাদেশেরই। তবে নিজেদের মাটিতে জিম্বাবুয়েকে শক্ত প্রতিপক্ষ মানছেন জাতীয় দলের অন্যতম নির্বাচক আব্দুর রাজ্জাক। তাই মাঠের লড়াই শুরুর আগে তার সতর্ক বার্তা, ঘরের মাঠের সিরিজের সঙ্গে এই সিরিজ হবে ভিন্ন। বেশ কঠিন।

একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে গত মঙ্গলবার জিম্বাবুয়ে পৌঁছায় বাংলাদেশ দল। একদিন বিশ্রামের পর বৃহস্পতিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুশীলন করেছে টাইগাররা। বুধবার একমাত্র টেস্টে মুখোমুখি হবে দুই দল।

সফরে দলের সঙ্গে রয়েছেন জানুয়ারিতে নির্বাচক হিসেবে যোগ দেওয়া রাজ্জাক। সাবেক এই স্পিনার সিরিজটি নিয়ে বলেন, ‘নিজেদের মাঠে জিম্বাবুয়ে দল আমার মনে হয় আমাদের জন্য বেশ কঠিন। বিশেষত কন্ডিশনের জন্য। কারণ এই কন্ডিশনটা আমাদের জন্য একেবারেই নতুন, আবার তারা এটাতে অভ্যস্ত।’

তাই রাজ্জাকের সতর্ক বার্তা, ‘ওরা আমাদের দেশে যখন ট্যুর করে, তখন ওদের যে টাইপের দল হিসেবে ট্রিট করি, আমি একশভাগ নিশ্চিত এখানে এসে ওভাবে ট্রিট করলে আমাদের জন্য কঠিন হবে সিরিজটা।’

যোগ করেন, ‘এই কন্ডিশনে ওরা কিছু কিছু ক্ষেত্রে বেশ ভালো কাজ করবে। ওরা কামব্যাক করে খুব দ্রুত।’

বাংলাদেশ দল সবশেষ জিম্বাবুয়ে সফর করেছে ২০১৩ সালে। ওই সফরে বাংলাদেশ কোনো সংস্করণেই সিরিজ জিততে পারেনি। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে পিছিয়ে পড়ার পর ড্র করতে পেরেছিল। হারতে হয় ওয়ানডে সিরিজ।

স্পিনারদের জন্য জিম্বাবুয়ের কন্ডিশন বরাবরই কঠিন। দেশের অন্যতম সফল স্পিনার রাজ্জাকও তেমনটাই মনে করেন, ‘এখানে নিশ্চিতভাবেই পেসাররা ডমিনেট করে। বাংলাদেশে বা সাব কন্টিনেন্টে খেলা হলে যেমন স্পিনারদের ডমিনেট করার সুযোগ থাকে। এখানে আসলে পেস বোলাররা ডমিনেট করে খুব স্বাভাবিকভাবে।’

তবে স্পিনারদের যে বড় ভূমিকা রাখতে হয়, রাজ্জাক মনে করিয়ে দিলেন সেটিও। বলছিলেন, ‘স্পিনারদের কিন্তু এখানে ভালো রোল প্লে করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে থাকে রান আটকে রাখা। কিছু বেক থ্রু এনে দেওয়া, যদি কখনো পেস বোলাররা স্ট্রাগল করে।’

জিম্বাবুয়ের কন্ডিশনে স্পিন ভালো কাজ করবে না এটা, এমন ভাবনা খেলোয়াড়দের মনে ঢুকতে দিতে নারাজ রাজ্জাক। তার কথায়, ‘খেলোয়াড়রা খেলবে, আমি চাই না তাদের মনে ঢুকে যাক যে এটা স্পিন কন্ডিশন না। কারণ যেকোনো খেলোয়াড়কে সব কন্ডিশনে খেলতে হবে। মানিয়ে নিতে হবে। যে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে, সে তত ভালো খেলোয়াড়।’

এই সফরে স্পিন বোলিং কোচ হিসেবে টাইগারদের সঙ্গে যোগ দিয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি রঙ্গনা হেরাথ। দলে হেরাথের অন্তর্ভুক্তিকে তরুণদের জন্য বড় সুযোগ মানছেন রাজ্জাক, ‘অবশ্যই হেরাথ এসেছে, ও অনেক অভিজ্ঞ খেলোয়াড়… বড় তারকা…। আমি নিশ্চিত সে অনেক অভিজ্ঞতা শেয়ার করতে পারবে আমাদের খেলোয়াড়দের সঙ্গে।’

রাজ্জাকের নিজেরও রয়েছে অনেক অভিজ্ঞতা। বলছিলেন, ‘আমার ব্যাপারটা হচ্ছে, হেরাথ তো আছেই। তাও ওদের যদি কখনো প্রয়োজন হয়, আমি সব সময় পাশে আছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত