রাজধানীর কুড়িলের একটি এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তার নাম কুলসুম (১৪)। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর বাসায় নিয়ে যান স্বজনরা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, গৃহকর্মীর মাথা থেকে পা পর্যন্ত আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতগুলো ভয়াবহ নির্যাতনের ও বেশ কিছুদিনের পুরনো বলে মনে হচ্ছে। তারা থানায় অভিযোগ করেনি। শরীরে জ্বর থাকায় চিকিৎসকরা করোনা ইউনিটে ভর্তি করার কথা বললে তারা হাসপাতাল থেকে চলে যায়।
গৃহকর্তা আসাদুর রহমান বলেন, ‘কুলসুম আমাদের বাসায় ৭ মাস ধরে কাজ করছিল। তাকে নিয়ে যাওয়ার জন্য তার বাবা-মাকে বারবার বলা হচ্ছিল। সবশেষ বুধবার সন্ধ্যায় কুড়িল চৌরাস্তা এলাকাতে তার বোন ফাতেমার কাছে তাকে তুলে দেওয়া হয়। এসময় তার বেতনের পাওনা ১৪ হাজার টাকাও দেওয়া হয়। আরও ৬ হাজার টাকা পরে দেওয়া হবে বলা হয়। এখন তারা অভিযোগ করছে কেন তা বলতে পারছি না। আমরা তাকে কখনো কোনো নির্যাতন করিনি।’
