যে জায়গায় আটকে আছে বার্সা-মেসি নতুন চুক্তি

আপডেট : ০৪ জুলাই ২০২১, ১২:৩৭ এএম

৩০ জুনের পর থেকে লিওনেল মেসি ফ্রি এজেন্ট। তাকে ধরে রাখার সব রকম চেষ্টাই করছে বার্সেলোনা। ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা শুক্রবার স্থানীয় এক টিভিতে বলেছেন, মেসির সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আলোচনা চলছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, লা লিগার আর্থিক নিয়মের (ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে) কারণেই নাকি দেরি হচ্ছে মেসির নতুন চ্ুিক্ত। মেসি বর্তমানে ব্যস্ত আছেন কোপা আমেরিকা নিয়ে। আজ সকালে তার নেতৃত্বে আর্জেন্টিনা কোয়ার্টারে মুখোমুখি হবে ইকুয়েডরের। সময় যত গড়াচ্ছে মেসির বার্সেলোনাতে চুক্তির বিষয়টি নিয়ে বাড়ছে শঙ্কা। ২০১৯-২০ মৌসুম শেষে মেসি বার্সেলোনা ছাড়তে চাইলে পিএসজি, ম্যানচেস্টার সিটিসহ অনেক ক্লাব মেসির প্রতি আগ্রহ দেখিয়েছিল। এবার মেসি ফ্রি-এজেন্ট হলেও ক্লাবগুলোর মেসির প্রতি আগ্রহ নেই তেমন। এর কারণ মেসির বার্সায় নতুন চুক্তির বিষয়টি এখন কেবল সময়ের ব্যাপার। লাপোর্তা বলেন, ‘আমরা তাকে (মেসি) ধরে রাখতে চাই, লিও নিজেও থাকতে চায় দলে। আমরা সেরা উপায়ের খোঁজে আছি। আমরা এই বিষয়টি (ফিন্যান্সিয়াল ফেরায় প্লে) যত দ্রুত সম্ভব সুরাহা করতে চাই। কিন্তু জানি বিষয়টি সমাধান হতে একটু সময় লাগবে।’ করোনাভাইরাস মহামারী শুরুর আগে বার্ষিক বেতনে সবচেয়ে বেশি অর্থ খরচ করত বার্সা, এখন তা প্রায় অর্ধেকে নেমে এসেছে। কিন্তু মেসির সঙ্গে নতুন চুক্তি করতে আরও বেশি ব্যয় সংকোচনের দরকার কাতালান ক্লাবটির। ইউরোপীয় গণমাধ্যম বলছে, কোপা আমেরিকা শেষে এ নিয়ে দ্রুত ব্যবস্থা নেবে বার্সা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত