প্রবাসী ও বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তিদের দুর্ভোগ লাঘবে গাজীপুরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস স্থাপন করা হচ্ছে। আজ সোমবার থেকে এই অফিসের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, গাজীপুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শিল্প অধ্যুষিত জেলা। এই জেলার বহু লোক বর্তমানে প্রবাসে কর্মরত রয়েছেন এবং প্রতি বছরই চাকরির উদ্দেশ্যে বহু কর্মী বিভিন্ন দেশে গমন করে থাকেন। কিন্তু এ জেলায় কোনো জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস নেই এবং বিদেশগমনে ইচ্ছুক ব্যক্তিদের নিবন্ধনসহ অন্যান্য কার্যক্রম ঢাকা থেকে পরিচালিত হয়ে থাকে। ফলে প্রবাসী, তাদের আত্মীয়-স্বজন ও বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তিরা প্রায়ই বিভিন্ন বিড়ম্বনা ও দুর্ভোগের শিকার হন। তাই প্রবাসী ও বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তিদের দুর্ভোগ লাঘবে গাজীপুর জেলায় একটি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস জরুরি ভিত্তিতে স্থাপন করা হচ্ছে।
