ফাঁদ ও কীটনাশকসহ সুন্দরবন থেকে হরিণ শিকারি আটক

আপডেট : ০৬ জুলাই ২০২১, ১২:৩৯ এএম

পূর্ব সুন্দরবন থেকে হরিণ শিকারের ফাঁদ ও কীটনাশকসহ সাজ্জাদ ব্যাপারী (২৮) নামে এক চোরা শিকারিকে আটক করেছে বন বিভাগ। গতকাল সোমবার ভোরে বনের বুড়বুড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) স্টেশন কর্মকর্তা ওবায়দুল রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে বনের বুড়বুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে চোরা শিকারি সাজ্জাদ ব্যাপারীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় হরিণ শিকারের ৫০০ গজ ফাঁদের রশি, ৩ বোতল কীটনাশক ও ১০ কেজি বিষ মিশ্রিত বিভিন্ন প্রজাতির মাছ।

বন কর্মকর্তা ওবায়দুল আরও বলেন, বনের ভেতরে হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে রেখে খালে বিষ (কীটনাশক) দিয়ে মাছ ধরছিল সাজ্জাদ। তার বিরুদ্ধে বন আইনে মামলার পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সাজ্জাদ একাধিক বন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের আফজাল ব্যাপারীর ছেলে সাজ্জাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত