গ্রামীণ ব্যাংকের অফিস থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

আপডেট : ০৬ জুলাই ২০২১, ০১:৪৮ এএম

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে অবস্থিত আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ির গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ের ভেতর থেকে ফুলবাবু মিয়া (৬৫) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে গ্রামীণ ব্যাংকের সাপ্টিবাড়ির শাখা অফিস থেকে লাশ উদ্ধার করা হয়। ফুলবাবু সাপ্টিবাড়ি ইউনিয়নের সরকারটারী এলাকার মৃত মফিজ মুন্সির ছেলে।

এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো গত রবিবার রাতে ফুলবাবু অফিসের ভেতরেই ঘুমান। পরদিন সকাল হলে ব্যাংকের ভেতরে থাকা শাখা ম্যানেজার মশিউর রহমান ও প্রশিক্ষণার্থী কেন্দ্র ব্যবস্থাপক তুহিন ফুলবাবুকে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় সাপ্টিবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সোহরাবকে অবগত করেন। পরে তিনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গ্রামীণ ব্যাংক অফিসের ভেতরে গিয়ে নৈশপ্রহরী ফুলবাবু মারা গেছেন বলে নিশ্চিত হন। পরে তারা আদিতমারী থানা পুলিশকে খবর দিলে দুপুরে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ফুলবাবুর ছেলে লাভলু মিয়া জানান, তার বাবার কোনো অসুখ ছিল না। বাবা কীভাবে মারা গেছেন তা তারা জানেন না।

সাপ্টিবাড়ি গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক মশিউর রহমান জানান, সকাল ৮টা থেকে ৯টার দিকে আমি আমার স্টাফ তুহিনকে ফুলবাবু উঠেছেন কি না, দেখতে পাঠাই। তিনি ফুলবাবুর কাছে গিয়ে দেখেন তখনো তিনি ঘুম থেকে ওঠেননি। তুহিন এসে আমাকে জানান ফুলবাবু এখনো ঘুমোচ্ছেন। দুজনই সেখানে গিয়ে তাকে ডাকতে থাকি। পরে তার গায়ে হাত দিয়ে ডাকতে গেলে তার শরীর ঠা-া অনুভব করি। তিনি আরও বলেন, সন্দেহ হলে স্থানীয় সাবেক চেয়ারম্যানকে অবগত করেন। আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত