ঝালকাঠির কাঁঠালিয়ায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের শাটারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে রাজমিস্ত্রি আসাদুল (৩০) এবং মজনু (২০) নামের দুজন মারা গেছেন। এ ছাড়া অসুস্থ হয়ে পড়েছেন আরেকজন।
গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে মহিষকান্দি গ্রামের মিরাজ খানের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের শাটারিং রাজমিস্ত্রি আসাদুল খুলতে যান। এ সময় বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ অবস্থা দেখে প্রতিবেশী মজনু আসাদুলকে উদ্ধার করতে ট্যাংকের ভেতরে নামলে মজনু অসুস্থ হয়ে পড়েন। এ সময় প্রতিবেশী আরেক যুবক শুভ তাদের উদ্ধার করার জন্য এগিয়ে গেলে তিনিও অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে পার্শ¦বর্তী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মজনু ও আসাদুলের মৃত্যু হয়। শুভকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়েছে।
রাজমিস্ত্রি আসাদুলের বাড়ি ভান্ডারিয়া উপজেলার গাজীপুর গ্রামে। মজনু মহিষকান্দি গ্রামের বাসিন্দা। শুভ খান একই গ্রামের ইদ্রিস খানের ছেলে। এ ঘটনার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন বলেন, সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে একজন অসুস্থ হয়ে পড়লে মজনু নামে অন্য একজন তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও মারা যান। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
