যুক্তরাষ্ট্রে তিন দিনে গুলিতে নিহত ১৫০

আপডেট : ০৭ জুলাই ২০২১, ০১:৫০ এএম

যুক্তরাষ্ট্রে তিন দিনে চার হাজার গোলাগুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে গুলিবিদ্ধ হয়ে ১৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান গান ভায়োলেন্স আর্কাইভ। সংস্থাটির উদ্ধৃতি দিয়ে গতকাল মঙ্গলবার অধিকাংশ আন্তর্জাতিক মিডিয়াই গুরুত্ব দিয়ে তথ্যটি প্রকাশ করেছে।

সিএনএন তাদের খবরে বলেছে, গত শুক্র এবং শনিবার দেশজুড়ে অতিরিক্ত সহিংসতার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের নাগরিকরা নিজেদের কাছে খুব সহজেই অস্ত্র রাখতে পারায় এ ধরনের ঘটনা বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বিশেষ করে গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে সবচেয়ে বেশি অপরাধের ঘটনা ঘটে। দিবসটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় আতশবাজি ফোটানো হয়। এ সুযোগে প্রতিপক্ষের ওপর হামলার সুযোগ নিয়ে থাকতে পারে অনেকে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হতাহতের পরিসংখ্যান আরও বাড়তে পারে। বিশেষ করে শিকাগো অঙ্গরাজ্যে সহিংসতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। শুধু গত বছরই ৭৭৪ জনকে গুলি করে হত্যা করা হয়। আর চলতি বছরের ৪ জুলাই মোট ৮৮ জনকে গুলি করা হয়েছে। এতে মারা গেছেন ১৪ জন। সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দীর্ঘদিন চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। কিন্তু বরাবরের মতোই ব্যর্থ হচ্ছে নিরাপত্তা বাহিনী।

এদিকে নিউ ইয়র্কে শুক্র থেকে রবিবার অস্বাভাবিকভাবে গোলাগুলির ঘটনা বেড়েছে। এতে নিহত হন ১৩ জন। এসব ঘটনায় জড়িত থাকায় কয়েকজনকে আটক করা সম্ভব হয়েছে। খবরে বলা হয়েছে, চলতি বছরের সোমবার পর্যন্ত শুধু বন্দুক সহিংসতায় মারা গেছেন ২২ হাজার ৫৩৬ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত