বাবুনগরীর দাবি

হেফাজত নেতাদের মুক্তির আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৭ জুলাই ২০২১, ০২:০৫ এএম

হেফাজতে ইসলামের কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাতের পরদিন গতকাল মঙ্গলবার সংগঠনটির আমির জুনায়েদ বাবুনগরী দাবি করেছেন, দাবি পূরণের মৌখিক আশ্বাস দিয়েছেন মন্ত্রী। গতকাল দুপুরে রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেছেন বলে জানা গেছে।

এই বৈঠকে হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জেহাদি, জ্যেষ্ঠ নায়েবে আমির আতাউল্লাহ হাফেজ্জী, নায়েবে আমির আবদুল আওয়াল, প্রচার সম্পাদক মুহিউদ্দীন রাব্বানী, আবদুল কাইয়ুম সুবহানী ও জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরোধিতাকে কেন্দ্র করে গত ২৫ ও ২৬ মার্চ বিক্ষোভ ও সহিংস ঘটনার পর হেফাজতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় সরকার। সংগঠনের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ প্রায় অর্ধশত নেতাকে গ্রেপ্তার করা হয়। ধরপাকড়ের মধ্যে সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে একপর্যায়ে হেফাজতের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে গ্রেপ্তার নেতাদের বাদ দিয়ে হেফাজতের নতুন কমিটি গঠন করা হয়।

গত সোমবার চট্টগ্রাম থেকে ঢাকায় এসে রাতে কয়েকজন সহকর্মীকে নিয়ে রাজধানীর ধানমণ্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যান হেফাজত আমির বাবুনগরী। প্রায় দুই ঘণ্টা পর মন্ত্রীর বাসা থেকে বের হন তারা। বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকরা কথা বলার চেষ্টা করলেও হেফাজত নেতাদের কেউ কোনো কথা বলেননি।

বৈঠকে উপস্থিত থাকা এক হেফাজত নেতা বলেন, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে ব্যাখ্যা দেন জুনায়েদ বাবুনগরী। তিনি বলেছেন, ব্যক্তিগত কোনো কারণে নয়, জাতীয় স্বার্থে মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে আমরা আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেপ্তার ও হয়রানি বন্ধ এবং কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দাবি-দাওয়াগুলো মেনে নেওয়ার মৌখিক আশ্বাস দিয়েছেন। আমরা আশা করছি, সরকার দ্রুত আমাদের দাবিগুলো মেনে আলেম-ওলামাদের মুক্তি দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত