বগুড়ায় গত ২৪ ঘণ্টায় তিন হাসপাতালের করোনা ইউনিটে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১১ জন। একই সময় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৪ জন।
বুধবার অনলাইন ব্রিফিংয়ে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।
করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যান।
মারা যাওয়া ৫ জনের মধ্যে বগুড়ার ৩ জন, একজন পাবনার এবং একজন সিরাজগঞ্জ জেলার বাসিন্দা।
এছাড়াও করোনা উপসর্গ নিয়ে মোহাম্মদ আলী হাসপাতালে ৬ জন এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন মারা গেছেন।
ডা. তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় ৬১৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা আক্রান্ত হয়েছেন ১৫৪ জন। আক্রান্তের হার ২৫ দশমিক ০৪ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৮৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ১৫৬ জন এবং মারা গেছেন ৪৪২ জন।
বর্তমানে আক্রান্ত ১ হাজার ৪৮৯ জনের মধ্যে তিনটি হাসপাতালে ভর্তি আছেন ৫৬৪ জন।
