চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে করোনা আক্রান্ত এক নারীকে হাসপাতালে ভর্তি করিয়ে উধাও হয়ে গেছেন তার স্বামী।
পরবর্তীতে ওই নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেও খোঁজ মিলছে না স্বামীসহ স্বজনদের।
গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আসমা আক্তারের।
মৃত আসমার বাসা ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার মৌলভীপাড়ায় বলে উল্লেখিত রয়েছে হাসপাতালের রেজিস্ট্রারে। তার স্বামী মোজাম্মেল গত ৬ জুলাই সকাল সাড়ে নয়টায় চমেক হাসপাতালে তাকে ভর্তি করান বলে জানায় পুলিশ।
এ বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, গত ৬ জুলাই আসমার করোনা পরীক্ষায় পজিটিভ আসলে তাকে চমেকের করোনার ওয়ার্ডের রেড জোনে ভর্তি করান তার স্বামী।
কিন্তু ভর্তির পর থেকে তার স্বামীসহ কোনো স্বজন আর হাসপাতালে আসেনি। এমনকি রাতে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের রেজিস্ট্রারে উল্লেখিত স্বামীর নম্বরে যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর বুধবার দিবাগত রাত একটার দিকে আসমা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে তার মরদেহ চমেকের মর্গে রাখা হয়েছে।
