মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোনো ভাবেই কাম্য নয় উল্লেখ করে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বাজেটের অন্য খাতের টাকা কেটে হলেও সব মানুষের টিকা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
শুক্রবার গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এক বিবৃতিতে এ দাবি জানান।
ড. কামাল বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হয়েছে। করোনার ভয়াবহতা এবং জীবনহানি বহুগুণ বেড়ে যাবে, যার দায়িত্ব বর্তাবে সরকারের ওপর।
তিনি বলেন, সব নাগরিকের জন্য করোনার ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। বাজেটের অন্য খাতের টাকা কেটে হলেও, পৃথিবীর যে কোনো দেশ থেকেই হোক, অগ্রাধিকারের ভিত্তিতে করোনার টিকা আমদানি করতে হবে।
ড. কামাল আরও বলেন, পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে যাওয়ার আগেই অক্সিজেন, ভেন্টিলেশনসহ সব চিকিৎসাসামগ্রীর পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। করোনা মোকাবিলায় লকডাউন দিলে লকডাউনের উদ্দেশ্য সফল করতে হলে, দিন আনে দিন খায় এমন মানুষের খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসের নিশ্চয়তা দিতে হবে। গার্মেন্টস কল-কারখানা যেভাবে চালু আছে, শ্রমিক কর্মচারীরা দূর থেকে দলবদ্ধ ভাবে গিয়ে কাজ করে, এই অবস্থা বহাল রেখে করোনা মোকাবিলা করা যাবে না।
তিনি পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞদের সুষ্ঠু মতামত নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বলেন, দুর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই কাম্য নয়।
