গল্পে নায়ক-ভিলেন বলে কিছু নেই

আপডেট : ১০ জুলাই ২০২১, ০১:১৬ এএম

তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা আবু হুরায়রা তানভীর সমানতালে কাজ করছেন সিনেমা, ওয়েব ও টিভি নাটকে। তার সঙ্গে কথা বলেছেন রণ

ভালোবাসার দ্বিতীয় অধ্যায়...

আরটিভিতে আজ রাত ৮ টায় প্রচারিত হবে আমার অভিনীত খন্ড নাটক ‘ভালোবাসার দ্বিতীয় অধ্যায়’। নির্দেশনা দিয়েছেন শাহিদ শরিফ। সহশিল্পী ছিলেন তাইফা ও জনি। এটাকে ত্রিভুজ প্রেমের গল্প বলা যায়, তবে গল্পের উপস্থাপনে বৈচিত্র্য রয়েছে। আমি অভিনয় করেছি বড়লোকের এক খামখেয়ালি ছেলের চরিত্রে। যে তার ভবিষ্যৎ নিয়ে একদমই ভাবে না। বলতে পারেন, টো টো কোম্পানির ম্যানেজার। মহল্লায় একটি মেয়ে নতুন এসেছে। তার প্রেমে পড়ে ছেলেটি। বাকিটা দেখতে আরটিভিতে চোখ রাখুন। আরটিভির ইউটিউবেও পরে নাটকটি দেখতে পাবেন।

কিস অব জুডাস...

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে আমার অভিনীত ৮ পর্বের ওয়েব সিরিজ ‘কিস অব জুডাস’। হাবিব শাকিলের পরিচালনায় এ সিরিজে আমার সহশিল্পী মুন, দোয়েল, নাসিরুউদ্দিনসহ অনেকে। খ্রিস্টানদের মধ্যে ‘কিস অব জুডাস’ একটি ধর্মীয় গল্প আছে। সেটি মূলত বিশ্বাসঘাতকতার গল্প। তবে আমাদের ওয়েব সিরিজটি শুধু বিশ্বাসঘাতকতার গল্প নয়। এটি ড্রাগ ডিসট্রিবিউশনের ওপর নির্মিত একটি ক্রাইম থ্রিলার। একজন সাধারণ মানুষ কীভাবে ড্রাগ সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত হয়, সেটি দেখা যাবে। যারা দেখেছেন তাদের কাছ থেকে প্রশংসা পেয়েছি। এ গল্পে নায়ক-ভিলেন বলে কিছু নেই। আমাকে সবাই প্রটাগনিস্ট বলবেন, কিন্তু আমি নায়ক নই। আমার চরিত্রে গ্রে শেড রয়েছে। এখানে বেশিরভাগ চরিত্রই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আবদ্ধ নয়। চরিত্রগুলোর নানা শেড রয়েছে। যেটি বাস্তবের চরিত্রগুলোতে থাকে।

ঈদের কাজ...

লকডাউনের কারণে ঈদের অনেকগুলো কাজ পিছিয়েছে। জানি না আর এই ঈদের কাজ করার পরিবেশ তৈরি হবে কি না। আর যে কাজগুলো করেছি তার কোনটা আসবে আর কোনটা আসবে না, সে বিষয়ে এখনো কিছু জানি না।

ফেস্টিভ্যালের জন্য...

আমাদের দেশের সিনেমা কানের মতো আন্তর্জাতিক উৎসবে সিলেকশন হয়েছে। এটি ভিন্ন ধারার কাজ করতে চাওয়া শিল্পী-কলাকুশলীর জন্য দারুণ খবর। আমিও ফেস্টিভ্যালের জন্য দুটি কাজ করেছি। দুটির নির্মাতাই রেদায়ার রহমান। একটি দেশীয় গল্প। আরেকটি ইউরোপিয়ান সিনেমার ধাঁচে নির্মিত। এই শর্টফিল্মের নাম ‘কবিতাটি অসমাপ্ত’। সহশিল্পী ছিলেন সাদিয়া ইসলাম মৌ। তিনি কার না পছন্দ! তার মতো স্ট্রং ব্যক্তিত্বসম্পন্ন একজন শিল্পীর এতটা সহযোগিতা পাব সেটে, সেটা ভাবিনি। দারুণ প্রফেশনাল তিনি। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা সব সময় মনে থাকবে। এ কাজ দুটি বিশে^র বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠানো হবে। তারপর দেশে মুক্তি পাবে।

সিনেমা...

চারটি সিনেমা মুক্তির অপেক্ষায়। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ (সিয়াম, পরীমণি), ‘প্রীতিলতা’ (পরীমণি), ‘রাত জাগা ফুল’ (ঐশী) ও ‘স্টেশন’। এ ছাড়া দুটি সিনেমা শিগগিরই শুরু করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত