নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি কারখানায় মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় হতাহতের ঘটনা প্রধানমন্ত্রী নিজেই মনিটর করছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার সকালে তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বঙ্গবন্ধু আদর্শ ফোরামের দেড়যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এই অগ্নি দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ ও স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী যারা দায়ী হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে মর্যাদাশীল করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। আর মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। তাছাড়া প্রধানমন্ত্রীর অসীম সাহসে দেশে বাস্তবায়িত হচ্ছে একের পর এক মেগা প্রকল্প। নির্মাণের শেষ প্রান্তে স্বপ্নের পদ্মা সেতু। দৃশ্যমান হয়েছে দেশের প্রথম মেট্রোরেল আর এগিয়ে চলছে কর্ণফুলীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেলের নির্মাণকাজ। মাতারবাড়ি প্রজেক্ট, রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চার লেনের মহাসড়ক, বিআরটিসহ একাধিক মেগা প্রকল্পের কাজ এগিয়ে চলেছে।’
বাংলাদেশে এখন মাথাপিছু আয় দুই হাজার দুইশ ডলার ছাড়িয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে ৪৬ বিলিয়ন মার্কিন ডলার। এতসব উন্নয়ন অর্জন একটি দল দেখতে পায় না। শেখ হাসিনার উন্নয়ন অর্জন দেখলে এক শ্রেণির বুদ্ধিজীবী রাজনীতিবিদদের গাত্রদাহ হয়। তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখতে পায়। এদিকে বিশ্ব এখন করোনাবিরোধী লড়াইয়ে অবতীর্ণ। জগতের সমৃদ্ধ দেশগুলোও করোনার অভিঘাত মোকাবিলায় হিমশিম খাচ্ছে। সংক্রমণ ও মৃত্যুহার উচ্চমাত্রা পেয়েছে। বিশেষজ্ঞরা চলমান ধারা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়ানক হবে বলে আশঙ্কা করছেন। এমতাবস্থায় মানুষের জীবন ও জীবিকার সুরক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। অসহায় খেটে খাওয়া মানুষের সুরক্ষা এবং সংক্রমণ রোধ এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’
বঙ্গবন্ধু আদর্শ ফোরামের সভাপতি নাট্যজন আতাউর রহমানের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি আরও বক্তব্য রাখেন এফবিসিসিআই’র পরিচালক শমী কায়সার, কবি অসীম সাহা, সংগঠনের সাধারণ সম্পাদক বাদল চৌধুরী প্রমুখ।
