ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ তে মুক্তি পেয়েছে আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজ ‘মহানগর’। মোশাররফ করিম, জাকিয়া বারী মম, মোস্তাফিজ নূর ইমরান, শ্যামল মাওলাসহ আরও অনেকেই অভিনয় করেছেন এতে। সিরিজটি দুই বাংলাতেই ব্যাপক প্রশংসিত হচ্ছে। নির্মাতা আশফাক নিপুণের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন দুই বাংলার বোদ্ধা দর্শকেরাও। এবার সরাসরি ফোনে কল দিয়ে আশফাক নিপুণকে প্রশংসায় ভাসালেন কলকাতার কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আশফাক নিপুণ নিজেই এ কথা জানিয়েছেন। নিপুণ তার স্ট্যাটাসে লেখেন, ‘আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি! কিছুক্ষণ আগে ভারতের লেজেণ্ডারী অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি স্বয়ং আমাকে কল করে ‘মহানগর’র ভূয়সী প্রশংসা করেছেন! প্রায় ১৫ মিনিট কথা হয়েছে তার সঙ্গে, যার পুরোটাই ছিল ‘মহানগর’ নিয়ে। এর গল্প, পারফরম্যান্স, কাস্ট, ক্রু সবকিছু নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। ‘মহানগর’র গল্প বলার ধরনে, প্রতিটা অভিনেতার পারফরম্যান্সে উনি মুগ্ধ। বিশেষ করে ওসি হারুন চরিত্রে মোশাররফ করিমের অভিনয় নিয়ে উনার মুগ্ধতা কমছিল না! এটাও বললেন করিম ভাইয়ের মতো অভিনেতা এখন ওই বাংলায়ও আর দেখা যায় না। শিশুর মতো আগ্রহ নিয়ে ‘মহানগর’র শুটিং নিয়ে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিলেন, ঋতুপর্ণ ঘোষের সিনেমার প্রসঙ্গ টানছিলেন, উৎপল দত্তের কথা বলছিলেন আর এদিকে আমি আমার কানকেই বিশ্বাস করতে পারছিলাম না।’
প্রসেনজিৎ নিপুণকে সিনেমা বানানোর পরামর্শও দিয়েছেন। নিপুণ লেখেন, ‘ইউনিটের সবাইকে সালাম আর শুভেচ্ছা জানিয়ে ফোন রাখার আগে বারবার জোর দিয়ে বললেন, আপনার সিনেমা বানানো উচিত। সিরিজ তো বানাবেনই, কিন্তু আপনার উচিত সিনেমা বানানো। সিনেমা আপনার জায়গা।’
