দিনাজপুরের কাহারোলে অপমানের ‘প্রতিশোধ’ নিতেই এক শিশুকে (১১) ধর্ষণের পর হত্যা করে লাশ মাটিচাপা দেয় এক যুবক। গত শনিবার হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করে সুমন চন্দ্র দাস (৩৩) নামে ওই যুবক। এর আগে গত মঙ্গলবার রাতে উপজেলার পাহাড়পুর এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে সুমনকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রবিবার ডিবি সূত্রে এসব তথ্য জানা গেছে।
ডিবি জানায়, শিশুটিকে প্রায়ই নানাভাবে উত্ত্যক্ত করত সুমন। ৩ জুলাই সকালে উপজেলার যতীনের বাজারে দুজনের দেখা হয়। ওই সময় শিশুটিকে কুপ্রস্তাব দিলে সুমনকে জুতাপেটা করতে যায় সে। এর প্রতিশোধ নিতে ওই দিন দুপুরে প্রাইভেট পড়তে যাওয়ার সময় শিশুটিকে তুলে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে সুমন। শিশুটি অজ্ঞান হয়ে পড়লে তাকে মৃত ভেবে সেখানে ফেলে যায় সুমন। এরপর রাত ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর লাশ গর্ত খুঁড়ে মাটিচাপা দেয় সে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এএসআই আশরাফুজ্জামান জানান, গত মঙ্গলবার রাতে সন্দেহভাজন হিসেবে সুমনকে আটক করে পুলিশ। পরে গত শনিবার দিনাজপুর আমলি আদালত-৩-এর ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের আদালতে জবানবন্দি প্রদানের পর সুমনকে কারাগারে পাঠানো হয়।
