টিকিট ছাড়া স্টেডিয়ামে ঢোকার অভিযোগ স্বীকার করল ইংল্যান্ড

আপডেট : ১২ জুলাই ২০২১, ১০:২৬ এএম

টিকিট ছাড়া ওয়েম্বলি স্টেডিয়ামে দর্শকদের প্রবেশের বিষয়টি অবশেষে স্বীকার করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

রবিবারের মেগা ফাইনালে ইতালির বিপক্ষে টাইব্রেকারে হেরে গেছে ইংল্যান্ড। ম্যাচের আগে একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে দেখা যায় ইংলিশ সমর্থকেরা টিকিট ছাড়া খেলা দেখতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে। ব্যারিকেড ভেঙে কয়েক জনকে ভেতরে ঢুকতে দেখা যায়।

ইংল্যান্ড শুরুতে এই অভিযোগ স্বীকার করেনি। পরে একজন মুখপাত্র বলেন, ‘নিরাপত্তা ভঙ্গ হয়েছে। ছোট একটি দল মাঠে প্রবেশ করেছে। এদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

পুলিশ জানিয়েছে, তারা এখন পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তার করেছে। ১৯ কর্মকর্তা আহত হয়েছেন।

মেট্রোপলিটন পুলিশ টুইটারে বলেছে, ‘বেশ কয়েক জন অফিসার ডিউটিতে ছিলেন। আমরা তাদের নিরাপত্তার বিষয়টি দেখছি।’

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রবিবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচে ১(৩) : ১ (২)-এ জয় পায় রবার্তো মানচিনির দল। এর আগে দলটি ইউরো শিরোপা জিতেছিল ১৯৬৮ সালে।

প্রথমার্ধের শুরুতেই এগিয়ে যাওয়া ইংল্যান্ড ১-০ লিড ধরে রেখে বিরতিতে যায়। তবে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ইতালি। নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হলে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। সেখানেও সমতা থাকার পর টাইব্রেকারে নির্ধারণ হয় ম্যাচের ভাগ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত