নারায়ণগঞ্জে বন্দরে আরেক জঙ্গি আস্তানায় বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

আপডেট : ১২ জুলাই ২০২১, ১২:২২ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারের পর বন্দর থানার মদনপুরে আরেকটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

এ অভিযানে চারটি রিমোট কন্ট্রোল, বোমার তৈরির সরঞ্জাম এবং বিপুলসংখ্যক জিহাদি বই উদ্ধার করেছে।

রবিবার দিবাগত রাত ৩টার দিকে বন্দর থানার ধামগড় ইউনিয়নের ১নং ওয়ার্ড কাজিপাড়া এলাকায় অভিযান শেষে এ তথ্য জানান সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।

তিনি জানান, তিন দিন আগে মিরপুর থেকে বারেক ওরফে সাব্বিরসহ তিন জঙ্গিকে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে সিটিটিসি। পরে বারেকের দেয়া তথ্য অনুযায়ী একটি টিম সন্ধ্যার দিকে কেরানীগঞ্জ এলাকা থেকে মেজর ওসামা ওরফে নাঈমকে গ্রেপ্তার করে।

সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান জানান, মেজর ওসামা ওরফে নাঈম নব্য জেএমবির সামরিক শাখার সদস্য। তিনি নিজে বোমা তৈরি করেন এবং বোমা তৈরির প্রশিক্ষক। তিনি মদনপুরের কাজিপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং একটি স্থানীয় মসজিদে দীর্ঘদিন ধরে ইমামতি করে আসছিলেন। তার বাসা থেকেই এসব বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

কিছুদিন আগে তিনি তার পরিবারকে বাড়িতে পাঠিয়ে দেন। এরপর থেকে বাড়িতে একাই থাকতেন এবং বোমা তৈরি করে আসছিলেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এদিকে, রবিবার রাতে প্রায় আড়াই ঘণ্টা ঘিরে রাখার পর আড়াইহাজারে নোয়াপাড়া এলাকার মিয়াবাড়ির মসজিদের পাশে একটি কক্ষ থেকে তিনটি বোমাসহ (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস-আইইডি) বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এসময় তিনটি আইইডি ঘটনাস্থলেই নিস্ক্রিয় করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত