সাভারে ধারের পাঁচ হাজার টাকা ফেরত চাওয়ায় আপন খালুর হাতে প্রাণ গেল আট বছর বয়সী শিশু রাজিয়ার। রবিবার দিবাগত রাত ২টার দিকে নিখোঁজের তিন দিন পর সাভারের রাজফুলবাড়িয়া রাজাঘাট এলাকার একটি বিলের মধ্যে কচুরিপানার মধ্য থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। এ ঘটনায় হত্যাকারী খালু নাজমুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিয়াকে পানিতে চুবিয়ে হত্যা করেছে বলে স্বীকার করেছে নাজমুল।
নিহত রাজিয়া সুলতানা (৮) রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবতি বিষ্ণুপুর এলাকার আব্দুল জলিলের মেয়ে। সে সাভারের তরফ রাজাঘাট এলাকায় সোহেলের বাড়িতে পোশাক শ্রমিক বাবা-মায়ের সঙ্গে ভাড়া থাকত।
অন্যদিকে হত্যাকারী নাজমুল রংপুর জেলার পীরগাছা থানার চৌধুরানী এলাকার বাসিন্দা। তিনি নিহত রাজিয়ার আপন খালু।
থানা পুলিশ জানায়, অভিযুক্ত নাজমুল ও রাজিয়া সুলতানাসহ তার বাবা-মা রাজফুলবাড়িয়া এলাকায় ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করত। কিছু দিন আগে নাজমুল রাজিয়ার মায়ের এক জোড়া কানের দুল বন্ধকের কথা বলে বিক্রি করে দেয়। সেই কানের দুলের জন্য তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হলে একপর্যায়ে তা ফেরত দিতে বাধ্য হয় নাজমুল। পরে সে আবারও রাজিয়ার বাবার কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নেয়। সেই টাকা ফেরত চাইলেই ক্ষিপ্ত হয় নাজমুল। পরে ৯ জুলাই বিকেলে ধারের টাকার ফেরত দেওয়ার কথা ছিল। ওইদিনই কৌশলে নাজমুল কাউকে না জানিয়ে রাজিয়া সুলতানাকে ঘুরতে যাওয়ার কথা বলে সাভারের তরফ রাজাঘাট এলাকার একটি বিলের পানিতে চুবিয়ে হত্যার পর কচুরিপানা দিয়ে ঢেকে রাখে।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. কামাল হোসেন বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে।
