করোনাভাইরাস প্রতিরোধে আজ থেকে রাজধানী ঢাকাসহ দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় দেওয়া হবে মডার্নার টিকা। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ ও শিশু স্বাস্থ্য কর্মসূচির পরিচালক শামসুল হক এ তথ্য জানান।
শামসুল হক বলেন, এই মুহূর্তে সরকারের হাতে যে টিকার জোগান রয়েছে, তা দিয়ে গণটিকা কার্যক্রম শুরু করা হচ্ছে। এরপর থেকে নিয়মিত ভিত্তিতে টিকা আসতে থাকবে।
তিনি আরও বলেন, দেশের সব কটি সিটি করপোরেশন এলাকায় দেওয়া হবে মডার্নার টিকা। যেহেতু এই টিকা তাপমাত্রা সংবেদনশীল। সে কারণে টিকা সংরক্ষণ ও প্রদানের সুবিধার্থে সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা দেওয়া হবে। কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া ফাইজারের টিকা এই মুহূর্তে ঢাকার মোট সাতটি কেন্দ্রে দেওয়া হচ্ছে। এর মধ্যে চারটি মেডিকেল কলেজ এবং তিনটি বিশেষায়িত হাসপাতাল রয়েছে।
এই কর্মকর্তা বলেন, যেহেতু ফাইজারের টিকার পরিমাণ এক লাখ, ফলে মজুদ শেষ হওয়া পর্যন্ত এই সাতটি কেন্দ্রে ফাইজারের টিকার কার্যক্রম চলবে। প্রবাসীরা ঢাকা ছাড়াও দেশের বাকি সিটি করপোরেশন থেকে মডার্নার টিকা নিতে পারবেন। ঢাকায় আসতে হবে না। পাশাপাশি সাধারণ নাগরিকরাও মডার্নার টিকা নিতে পারবেন।
এদিকে গতকাল সোমবার থেকে দেশে বিস্তৃত পরিসরে সিনোফার্মের টিকাদান শুরু হয়েছে। গতকাল এক দিনে এ টিকা দেওয়া হয়েছে ৬২ হাজার ১১৩ জনকে। এর মধ্যে পুরুষ ৩৬ হাজার ৫৫৫, নারী ২৫ হাজার ৫৫৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত সিনোফার্মের টিকা দেওয়া হলো ২ লাখ ৬৮ হাজার ২৫৩ জনকে। একই সঙ্গে রাজধানীর সাতটি কেন্দ্রে দেওয়া হচ্ছে ফাইজারের টিকা। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৫১০ জনকে এ টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ফাইজারের টিকা নিয়েছেন ২৯ হাজার ৮৫২ জন।
