করোনায় দরিদ্রদের মধ্যে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০৫:৩৬ পিএম

করোনা মহামারি পরিস্থিতিতে সুবিধা বঞ্চিত মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছে বিএনপি। মঙ্গলবার এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এদিন সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে নয়া পল্টন, ফকিরাপুল এলাকার দুস্থ ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শাহ আবদুল আল বাকীর সভাপতিত্বে ও শহিদুল ইসলাম ভিপির সঞ্চালনায় এই ত্রাণ কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, জাতীয়তাবাদী নাগরিক সমাজের আলী আজম জালাল, নজরুল ইসলাম, সৈয়দ রফিকুল ইসলাম, মমতাজ হোসেন লিপি, শাহজাহান কামাল, মোয়াজ্জেম হোসেন, শাহাবুদ্দিন সাবু, এনামুল হক, সাজ্জাদ হোসেন কায়কোবাদ প্রমূখ উপস্থিত ছিলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের বলেন, অপরিকল্পিত ও সমন্বয়হীন লকডাউনে ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ত্রাণ বা খাদ্য সামগ্রী বিতরণের জন্য জাতীয়তাবাদী নাগরিক সমাজ এই কর্মসূচির উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, সরকার এই করোনা মোকাবিলায় যেসব পদক্ষেপ নিয়েছে তা শুধু জনগনের বিপক্ষেই নয়, এটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আমরা বারবার বলেছি, যারা নিম্ন আয়ের মানুষ, দিন আয় দিন খায়, তাদেরকে অর্থ ও খাদ্য সামগ্রী দেয়া ছাড়া লকডাউন, কঠোর লকডাউন অথবা কারফিউ কোনোটাই কার্যকর হবে না। সেটাই আজকে প্রমাণিত হয়েছে।

তিনি ঈদের আগে এক সপ্তাহের জন্য লকডাউন শিথিল প্রসঙ্গে বলেন, সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে। সরকারের এই সিদ্ধান্তে করোনা পরিস্থিতির অবনতি ঘটবে। সরকারের ব্যর্থতা ও ভুল সিদ্ধান্তের জন্যই জনগণকে বিপর্যয়কর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। অবিলম্বে দিন আনে দিন খায় প্রান্তিক মানুষদেরকে এককালীন ১৫ হাজার করে টাকা দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত