ঢাকার কেরানীগঞ্জে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন মামা ও খালাতো ভাইয়ের বিরুদ্ধে। শুভাঢ্যা ইউনিয়নের পশ্চিমপাড়া আদর্শনগর এলাকার ওই ঘটনায় গত সোমবার রাতে কিশোরীর মামা মালেক (৪০) ও খালাতো ভাইকে (১৬) গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরেই নানা রকম ভয়-ভীতি দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে আসছিল ওই দুজন। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে।
এলাকাবাসীর ভাষ্য, মেয়েটির মায়ের মৃত্যুর পর তার বাবা আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যাওয়ায় খালার বাসায় আশ্রয় নেয় সে। আর এই সুযোগে সহজ-সরল মেয়েটিকে নানা রকম ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছে তার আপন মামা ও খালাতো ভাই। একপর্যায়ে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে এলাকার কয়েকজন মহিলা তাকে একজন গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে মেয়েটি ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে জানান ওই চিকিৎসক। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি ধামাচাপা দিতে এলাকার পঞ্চায়েত কমিটির সদস্যরা সালিশের আয়োজন করে। কিন্তু তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে ৯৯৯-এ ফোন করে পুলিশকে ডাকা হয়। এরপর পুলিশ এসে রমজান ও তার ভাগ্নেকে (ভুক্তভোগীর খালাতো ভাই) আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে সাভার ও চট্টগ্রামে এক কিশোরী ও এক অন্তঃসত্ত্বা নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ময়মনসিংহের ভালুকায় এক পোশাককর্মী নারীকে শ্লীলতাহানির খবর পাওয়া গেছে। বিস্তারিত আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে :
আশুলিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ : সাভারের আশুলিয়ায় গ্যাস লাইটার চাওয়ার কথা বলে ঘরে ঢুকে অন্তঃসত্ত্বা এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সহায়তা করার অভিযোগে গত সোমবার রাত ১২টার দিকে মো. সাগর (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামে স্কুলছাত্রী ধর্ষণের শিকার : চট্টগ্রামে এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভালুকায় পোশাক কর্মীকে শ্লীলতাহানি : ময়মনসিংহের ভালুকায় এক নারী পোশাক শ্রমিক শ্লীলতাহানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে উপজেলার মেহেরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। এ ঘটনায় জাহিদ নামে এক লেগুনা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
