করোনা মহামারীর সংক্রমণ রোধে সর্বসাধারণের পরিবর্তে ঈদ উপলক্ষে কেবল ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে নতুন টাকা বাজারে ছাড়া হচ্ছে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে লেনদেনের সময় এসব নতুন টাকা বাজারে ছাড়া হচ্ছে। ছোট-বড় মূল্যমান মিলে প্রায় ৩০ হাজার কোটি টাকার বেশি নতুন নোট ছাড়ার সামর্থ্য রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, করোনার কারণে চলতি বছরের রোজার ঈদ ও গত বছরের রোজা ও কোরবানির ঈদেও সর্বসাধারণের মধ্যে নতুন টাকা বিনিময় বন্ধ রেখেছিল বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তারা বলছেন, ‘আমাদের প্রস্তুতি বেশ ভালো। এবার নতুন-পুরনো পর্যাপ্ত টাকা রয়েছে। ঈদের আগেই তফসিলি ব্যাংকের চাহিদা অনুযায়ী বাজারে ছাড়া হবে।’
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র এ কে এম মহিউদ্দিন আজাদ বলেন, ‘আমরা পর্যাপ্ত পরিমাণ নতুন টাকা রেখেছি। করোনার কারণে জনসাধারণের মধ্যে নতুন ও খুচরা টাকা বিনিময়ের ব্যবস্থা রাখা হচ্ছে না। তবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিজস্ব ব্যাংক চেকের মাধ্যমে চাহিদা অনুযায়ী নতুন টাকা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, গত বছরে প্রায় ২৪ হাজার কোটি টাকা ছাড়া হয়েছে। প্রতি বছরে ১০ শতাংশ প্রবৃদ্ধির আলোকে এই কোরবানি ঈদে ৩০ হাজার কোটি টাকা ছাড়ার পরিকল্পনা রয়েছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা থেকে প্রায় ৯ হাজার কোটি টাকার বেশি ছাড়া হয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের অন্য শাখাগুলো নতুন টাকা বিতরণ করছে। এখনো ঈদের আগে তিনদিন ব্যাংক খোলা থাকবে। আশা করছি ব্যাংকগুলো তাদের চাহিদা অনুযায়ী টাকা পাবে। তবে সরকারি ২ ও ৫ টাকার নোট কিছুটা কমতি থাকলেও ১০ টাকা থেকে ১ হাজার টাকার নোটের কমতি নেই।
এদিকে আগামীকাল বৃহস্পতিবার বাজারে আসছে নতুন মুদ্রিত ২ ও ৫ টাকা মূল্যমানের নতুন নোট। বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোটগুলো ইস্যু করা হবে। পরে পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে এই নোট ছাড়া অব্যাহত থাকবে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত ২ ও ৫ টাকা মূল্যমানের নতুন নোটে সিনিয়র অর্থ সচিব আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর রয়েছে। তবে নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ২ ও ৫ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে। এসব নোটের রং, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের মতোই থাকবে।
