রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত ও নিহত সব শ্রমিক পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল বুধবার রাজধানীর পল্টনে মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে জোটের নেতারা এ দাবি করেন।
নেতৃবৃন্দ বলেন, সরকারের তদারককারী সংস্থার অবহেলা, দুর্নীতি, অনিয়মের কারণে আইন না মেনে কারখানা চালু রাখার দুঃসাহস দেখাতে পারে মালিকরা। ফলে সরকারিভাবে ৩/৪টি তদন্ত কমিটি গঠন হলেও তার প্রতি জনগণের কোনো আস্থা নেই কারণ যারা অভিযুক্ত তাদের তদন্তে সঠিক ঘটনা বেরিয়ে আসবে না।
নেতৃবৃন্দ বলেন, নিহত শ্রমিকদের পরিবার প্রতি ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান এবং আহত শ্রমিকদের উন্নত চিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান; নিখোঁজ শ্রমিকদের খুঁজে বের করা এবং নিহত-আহত-নিখোঁজ শ্রমিকদের প্রকৃত তালিকা প্রকাশ করতে হবে।
