ঝুঁকি নিয়ে জেলা কার্যালয়ে হেল্প সেন্টার করছে বিএনপি

আপডেট : ১৬ জুলাই ২০২১, ০১:৪৪ এএম

ঝুঁকি নিয়ে সারা দেশের দলীয় কার্যালয়ে করোনা হেল্প সেন্টার কার্যক্রম চালু করেছে বিএনপি। ইতিমধ্যে প্রায় ৬০টি জেলার দলীয় কার্যালয়ে এ সেন্টার উদ্বোধন করা হয়েছে। ঈদের আগে প্রায় সব কার্যালয়ে করোনা সেন্টার চালু করবে বিএনপি। এ সেন্টার থেকে রোগীদের পরামর্শ, প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, হাসপাতালে ভর্তি, এমনকি দাফনের প্রয়োজন হলে ব্যবস্থা করা হবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব না কমা পর্যন্ত  এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন দলটির দায়িত্বশীল নেতারা। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির সার্বিক কার্যক্রম সম্পর্কে দেশবাসীকে অবহিত করা হবে।

গতকাল বৃহস্পতিবার বগুড়া জেলার উদ্যোগে বগুড়া জেলা কার্যালয়ে করোনা হেল্প সেন্টার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘করোনার এ প্রাদুর্ভাবকালে জনগণের পাশে নেই আওয়ামী লীগ। আমরা ঝুঁকি নিয়েও জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা গত ১২ বছর ধরে নির্যাতিত। খুন, গুম, মামলা ও হামলায় জর্জরিত। দলের নেতাকর্মীদের জেলে আসা-যাওয়া নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তারপরও আমরা আমাদের সাধ্যমতো জনগণের পাশে থাকার চেষ্টা করছি।’

টুকু বলেন, ‘আমরা প্রায় তিন কোটি মানুষের মাঝে খাদ্য সহায়তাসহ অন্যান্য সাহায্য পৌঁছে দিয়েছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় খাদ্য সহায়তার পাশাপাশি দরিদ্র মানুষের মাঝে করোনার ওষুধসামগ্রী, মুমূর্ষু রোগীদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করার জন্য জেলায় জেলায় করোনা হেল্প সেন্টার উদ্বোধন করা হচ্ছে। করোনার প্রাদুর্ভাব না কমা পর্যন্ত আমরা সেবা নিয়ে জনগণের পাশে থাকব।’

বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দেশ রূপান্তরকে বলেন, ‘ইতিমধ্যে প্রায় ৬০টি জেলা কার্যালয়ে করোনা হেল্প সেন্টার উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার আট-নয়টি জেলা কার্যালয়ে হেল্প সেন্টার উদ্বোধন করা হবে। চেষ্টা চলছে ঈদের আগে সারা দেশের দলীয় কার্যালয়ে হেল্প সেন্টার খোলার।’

জেলা পর্যায়ে যে হেল্প সেন্টার উদ্বোধন করা হচ্ছে এগুলোতে চিকিৎসাসেবা ও পরামর্শ দেবেন বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চিকিৎসকরা। ড্যাবের সভাপতি হারুনুর রশীদ গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘ড্যাবের জেলা শাখা হেল্প সেন্টারগুলোতে চিকিৎসাসেবা ও পরামর্শ দেবে। বিএনপি দেবে লজিস্টিক সাপোর্ট। এসব হেল্প সেন্টার থেকে চিকিৎসাসেবার পাশাপাশি অক্সিজেন এবং ওষুধ সরবরাহ করা হবে।’

তিনি বলেন, ‘জনগণ এখন আতঙ্কিত। কখন কোথায় যেতে হবে তা অনেকে জানেন না। তাই সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ করা হবে। “একটু সতর্কতা, একটু সচেতনতা রুখে দিয়ে করোনার শক্তি এনে দেবে আমাদের মুক্তি” দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন বক্তব্য সংবলিত ৫০ হাজার লিফলেট তৈরি করা হয়েছে জনগণের মাঝে বিতরণের জন্য। এছাড়া একটি অ্যাপস তৈরি করা হয়েছে। করোনা নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা বেশি। বিএনপি সাময়িক সহায়তা করতে পারে। ড্যাব ছাড়াও জিয়াউর রহমান ফাউন্ডেশন এ কাজে সহায়তা করছে।’

বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু দেশ রূপান্তরকে বলেন, ‘সারা দেশে বিএনপির প্রায় এক হাজার নেতাকর্মী-সমর্থক করোনায় আক্রান্ত হয়েছেন। প্রতিদিনই তৃণমূল থেকে করোনায় আক্রান্ত নেতাকর্মীদের তথ্য আসছে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। সেগুলো আমরা একত্র করছি। আগামী দুয়েক দিনের মধ্যে সব সমন্বয় করে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান দেশ রূপান্তরকে বলেন, ‘দেশে যেভাবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলছে তাতে দলীয় কার্যালয়ে করোনা হেল্প সেন্টার প্রতিষ্ঠা করার বিষয়টি ঝুঁকির। তারপরও যেহেতু দলের হাইকমান্ড নির্দেশ দিয়েছে সেহেতু আমরা ঝুঁকি নিয়ে এটি করব। এ অবস্থায় সবার প্রতি আবেদন থাকবে যারা এই হেল্প সেন্টারে কাজ করবেন তারা যেন সতর্কতার সঙ্গে কাজ করেন। পাশাপাশি জ¦র বা করোনার অন্য কোনো উপসর্গ যার আছে তারা যেন হেল্প সেন্টারে না আসেন। আমরা চেষ্টা করব অনলাইনে যোগাযোগের। যেকোনো প্রয়োজনে আমরা করোনায় আক্রান্ত রোগীর পাশে থাকব। কারও অক্সিজেন সিলিন্ডার লাগলে, ওষুধ লাগলে কিংবা দাফনের প্রয়োজন হলে আমরা সেবা দেব। মোট কথা সার্বিক সহযোগিতা থাকবে আমাদের।’

এদিকে গতকাল লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনায় আক্রান্তদের জন্য করোনা হেল্প সেন্টার উদ্বোধন করেছেন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। এ সময় তিনি বলেন, ‘যতদিন করোনা থাকবে ততদিন চিকিৎসা সহায়তা অব্যাহত রাখা হবে।’ এ সময় সেলিম অক্সিজেন সিলিন্ডার, অ্যাম্বুলেন্স, হ্যান্ড স্যানিটাইজার, মাস্কসহ চিকিৎসাসামগ্রী হেল্প সেন্টার পরিচালনাকারীদের হাতে তুলে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত